১১৬ দেশের সুন্দরীদের পেছনে ফেলে মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতে নিয়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে ডমিনিকান রিপাবলিক ও তৃতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলা। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা ১৯ বছরের কেজিয়া লিজ মেজো সেরা ১২-তে জায়গা করতে পারেননি।

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেও শেষ পর্যন্ত প্রথম ১২-তে জায়গা করে নিতে পারলেন না কেরলের ১৯ বছরের তরুণী কেজিয়া লিজ মেজো। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেরার তালিকায় পৌঁছনো হল না তাঁর। অন্যদিকে, বিশ্বের ১১৬টি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে নিলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে ডমিনিকান রিপাবলিক এবং তৃতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলা।

কেরালার আলাপ্পুঝা জেলার মাভেলিক্কারার বাসিন্দা কেজিয়া। মেজো আব্রাহাম ও সুজা মেজোর মেয়ে তিনি। মাত্র ১৯ বছর বয়সেই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন এই তরুণী। পেশায় মডেল হওয়ার পাশাপাশি তিনি আইনের ছাত্রীও। পড়াশোনা এবং মডেলিং, দুই ক্ষেত্রেই নিজের পরিচিতি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেজিয়া।

তবে আন্তর্জাতিক মঞ্চে এই প্রথম পা রাখেননি তিনি। এর আগেও সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন কেজিয়া। মিস টিন ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। সেই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এরপর থেকেই সৌন্দর্য প্রতিযোগিতার দুনিয়ায় তাঁর পরিচিতি বাড়তে শুরু করে।

২০২৪ সালে সৌন্দর্যের মঞ্চে যাত্রা শুরু করেছিলেন কেজিয়া। মাত্র দু’বছরের মধ্যে নিজের পরিশ্রম, আত্মবিশ্বাস এবং অধ্যবসায়ের জোরে একের পর এক সাফল্য পেয়েছেন তিনি। ২০২৬ সালে জিতে নেন মিস ইউনিভার্স কেরালার খেতাব। সেই সাফল্যের হাত ধরেই জাতীয় স্তর পেরিয়ে বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ আসে তাঁর সামনে। যদিও মিস ইউনিভার্সের প্রথম ১২-তে জায়গা হয়নি, তবুও এই অল্প বয়সে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছনো তাঁর কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়।

কেজিয়ার জীবনের লড়াই অবশ্য শুধুমাত্র প্রতিযোগিতার মঞ্চে সীমাবদ্ধ নয়। গায়ের রং নিয়ে বৈষম্য এবং সৌন্দর্যের প্রচলিত ধারণার বিরুদ্ধে লড়াই করেই আজকের জায়গায় পৌঁছেছেন তিনি। একটা সময় ফর্সা গায়ের রংকেই সৌন্দর্যের মাপকাঠি বলে মনে করতেন অনেকে। সেই ধারণার প্রভাব পড়েছিল কেজিয়ার নিজের আত্মবিশ্বাসেও। গায়ের রং নিয়ে হীনম্মন্যতা তাঁকে একসময় নিজের মধ্যে গুটিয়ে থাকতে বাধ্য করেছিল।

কিন্তু সময়ের সঙ্গে বদলেছে তাঁর ভাবনা। অতীতের হতাশা, ব্যর্থতা এবং আত্মবিশ্বাসের অভাবকে পিছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখতে শিখেছেন তিনি। বুঝেছেন, সৌন্দর্য শুধুমাত্র গায়ের রং কিংবা বাহ্যিক চেহারার মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের যোগ্যতা, ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসই একজন মানুষকে আলাদা পরিচিতি দিতে পারে। সেই বিশ্বাসকে সঙ্গী করেই এগিয়ে গিয়েছেন কেজিয়া।

বিশ্বসুন্দরীর মুকুট জেতা না হলেও তাঁর এই যাত্রা অনেক তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। বিশেষ করে গায়ের রং নিয়ে সামাজিক বৈষম্য ও সৌন্দর্যের নির্দিষ্ট মাপকাঠির কারণে যাঁরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, তাঁদের কাছে কেজিয়ার লড়াই একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রথম ১২-তে জায়গা না পেলেও আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা তাঁর আগামী দিনের পথচলায় নতুন দিশা দেখাতে পারে।