Bangladesh Crisis: গ্রামীণ ব্যাঙ্কে পেট্রলবোমা হামলার সময় 'জয় বাংলা' স্লোগান! বিস্ফোরক দাবি ইউনূসের

Published : Nov 23, 2026, 06:59 PM IST
muhammad yunus

সংক্ষিপ্ত

Bangladesh Crisis: বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কথা এবার উঠে এল দেশের প্রাক্তন উপদেষ্টা মহম্মদ ইউনূস-এর দাবি থেকে। বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক পেট্রলবোমা হামলার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল।

Bangladesh Crisis: বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কথা এবার উঠে এল দেশের প্রাক্তন উপদেষ্টা মহম্মদ ইউনূস-এর দাবি থেকে। বাংলাদেশের গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় ধারাবাহিক পেট্রলবোমা হামলার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল। চলতি মাসের শুরু থেকেই প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে গ্রামীণ ব্যাংকের শাখাগুলিকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। নোবেল জয়ী ইউনূসের দাবি, শুধু নভেম্বরেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে। এই ঘটনাগুলির পিছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। হামলার দ্রুত তদন্ত, দোষীদের চিহ্নিত করা এবং তাঁদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান!

সোমবার একটি বিবৃতি দিয়ে ইউনূস জানিয়েছেন, গ্রামীণ ব্যাঙ্কে হামলার সময় 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আক্রমণের ধরন এবং ধারাবাহিকতা দেখে তাঁর মনে হয়েছে, প্রতিদিন এই ধরনের হামলা চালানোর জন্য অভিযুক্তেরা উপরমহল থেকে নির্দেশ পাচ্ছেন। যদিও কারা এই নির্দেশ দিচ্ছে, সে বিষয়ে বিবৃতিতে নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি তিনি। ইউনূসের বক্তব্য, গ্রামীণ ব্যাংকের উপর এই ধারাবাহিক আক্রমণ আসলে দেশের দরিদ্র মহিলাদের নিরাপত্তা, স্বাধীনতা এবং তাঁদের সন্তানদের ভবিষ্যতের উপর সরাসরি আঘাত। তাঁর দাবি, এই হামলার জেরে ব্যাঙ্কের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মহিলা ঋণগ্রহীতা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

কী বললেন ইউনূস

গ্রামীণ ব্যাংকের ভূমিকা তুলে ধরে ইউনূস জানিয়েছেন, এই ব্যাঙ্কের মোট ১ কোটি ১০ লক্ষ ঋণগ্রহীতার মধ্যে প্রায় ৯৭ শতাংশই মহিলা। ঋণ আদায়ের হারও ৯৫ শতাংশের বেশি। তাঁর বক্তব্য, এই মহিলারাই গ্রামীণ ব্যাংকের প্রকৃত মালিক। তাঁদের অনেকের কাছেই ব্যাঙ্কের ঋণ সংসার চালানো, সন্তানদের পড়াশোনার খরচ জোগানো এবং দৈনন্দিন প্রয়োজন মেটানোর অন্যতম ভরসা। ফলে ব্যাঙ্কের শাখাগুলিতে এ ভাবে হামলা চলতে থাকলে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন গ্রামের দরিদ্র মহিলারাই। কয়েকটি ঘটনায় ব্যাঙ্কের কর্মী এবং ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলেও দাবি করেছেন তিনি।

কারা করল এমন কাজ

বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইউনূস। তাঁর দাবি, ব্যাঙ্কটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশ শেয়ার রয়েছে বাংলাদেশ সরকারের হাতে। গ্রামীণ ব্যাংকের মালিকানা, পরিচালনা কিংবা দৈনন্দিন ব্যবস্থাপনার সঙ্গে বর্তমানে তাঁর কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তিনি। ইউনূসের বক্তব্য, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে সরিয়ে দিয়েছিল। তার পর থেকে ব্যাঙ্কের পরিচালনার দায়িত্বে তিনি নেই। এমনকি গ্রামীণ ব্যাংকের কোনও শেয়ারের মালিকও তিনি নন। অতীতেও তাঁর কোনও শেয়ার ছিল না বলে বিবৃতিতে দাবি করেছেন প্রাক্তন প্রধান উপদেষ্টা।

নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

এদিকে, হামলার আশঙ্কায় ব্যাঙ্কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গ্রামীণ ব্যাংকের তরফে ঋণগ্রহীতা, আধিকারিক, কর্মী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আরও জোরদার নিরাপত্তার আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন ইউনূস। তাঁর বক্তব্য, এই হামলার কারণে যাতে দরিদ্র মহিলাদের জন্য ব্যাঙ্কের পরিষেবা ব্যাহত না হয়, তা নিশ্চিত করা জরুরি। ব্যাঙ্কের কাজকর্ম স্বাভাবিক রাখা এবং ঋণগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

ধন্যবাদ জানিয়েছেন ইউনূস

ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন ইউনূস। তবে শুধু অভিযান চালালেই হবে না, হামলার সঙ্গে যুক্ত প্রত্যেককে দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে বলে দাবি তাঁর। একই সঙ্গে দেশের বাইরে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধু এবং শুভানুধ্যায়ীদেরও এই ঘটনার বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হামলার পরিকল্পনাকারী এবং তা বাস্তবায়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি তুলেছেন ইউনূস। নভেম্বর জুড়ে একের পর এক হামলার অভিযোগের পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

US Midterm Election: ৩৪ বছর পর কংগ্রেসের নিম্নকক্ষে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটদের, বড় ধাক্কা ট্রাম্পের
India Nepal Relations: ভারতীয় বিনিয়োগকারীদের নেপালে আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের