
China Space Mission: মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল চিন। বুধবার সকালে সফলভাবে মহাকাশে পাড়ি দিল চিনের 'শেনঝৌ-২৪' (Shenzhou-24) মহাকাশযান। তবে এবারের অভিযানের সবচেয়ে বড় চমক ছিল মহাকাশযানের তিন সদস্যের দলের মধ্যে এক পাকিস্তানি নাগরিকের উপস্থিতি। এই প্রথম কোনো পাকিস্তানি নাগরিক মহাকাশে পাড়ি দিলেন এবং সেই সঙ্গে চিনের নিজস্ব মহাকাশ স্টেশন 'তিয়ানগং'-এ (Tiangong) পা রাখা প্রথম বিদেশি নভশ্চর হিসেবেও ইতিহাস গড়লেন তিনি।
চিনা মহাকাশ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বুধবার বেজিংয়ের স্থানীয় সময় অনুযায়ী ঠিক সকাল ৮টা ১৮ মিনিটে উত্তর-পশ্চিম চিনের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। শক্তিশালী 'লং মার্চ-২এফ' (Long March-2F) রকেটের পিঠে চেপে মহাশূন্যের উদ্দেশ্যে রওনা দেয় শেনঝৌ-২৪। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মাথায় মহাকাশযানটি সফলভাবে তার নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। চিনা প্রশাসনের তরফে এই অভিযানকে 'সম্পূর্ণ সফল' বলে ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে মহাকাশযানটি সফলভাবে তিয়ানগং মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত বা 'ডক' (Dock) করে।
এই ঐতিহাসিক অভিযানে দুই চিনা মহাকাশচারীর সঙ্গী হয়েছেন ৪০ বছর বয়সি পাকিস্তানি নাগরিক মহম্মদ জিশান আলি। পেশায় তিনি পাকিস্তান বায়ুসেনার প্রাক্তন ফাইটার পাইলট। কেবল প্রথম পাকিস্তানি হিসেবেই নয়, চিনের কোনো মানববাহী মহাকাশ অভিযানে অংশ নেওয়া প্রথম বিদেশি মহাকাশচারী হিসেবেও তাঁর নাম ইতিহাসের পাতায় উঠে গেল। তাঁর সঙ্গে রয়েছেন চিনের অভিজ্ঞ নভশ্চর ও মিশন কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। প্রসঙ্গত, তাং হংবো এই নিয়ে তৃতীয়বারের জন্য তিয়ানগং মহাকাশ স্টেশনে গেলেন।
একাধিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা
চিন এবং পাকিস্তানের কূটনৈতিক ও মহাকাশ সম্পর্কের ৭৫ বছর পূর্তির আবহে এই যৌথ অভিযানকে দু’দেশের সহযোগিতার এক বিরাট মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। জানা গিয়েছে, মহাকাশ স্টেশনে জিশান আলি মূলত ‘পেলোড স্পেশালিস্ট’ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সেখানে প্রায় ৫ থেকে ১০ দিন অবস্থান করবেন। এই স্বল্প সময়ের মধ্যে মহাকাশে ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষ (Photosynthesis) প্রক্রিয়া, মহাজাগতিক বিকিরণ এবং মাধ্যাকর্ষণহীন বা 'মাইক্রোগ্র্যাভিটি' পরিবেশের প্রভাব নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন তিনি।
জিশান আলি কয়েক দিনের মধ্যেই পৃথিবীতে ফিরে এলেও, বাকি দুই চিনা মহাকাশচারী দীর্ঘমেয়াদি গবেষণার কাজে তিয়ানগং স্টেশনেই থেকে যাবেন। আন্তর্জাতিক মহাকাশ গবেষণার আঙিনায় চিনের ক্রমবর্ধমান প্রভাব এবং ভিনদেশি নভশ্চরদের নিয়ে কাজ করার ক্ষেত্রে এই অভিযান এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।