চিনের এক দম্পতি তাদের অনন্য রেস্তোরাঁর মাধ্যমে এক অন্যরকম ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন। এখানে গ্রাহকরা হাতের ইশারা এবং হাসিমুখে অর্ডার দেন। আবার আর্থিক সমস্যায় থাকা মানুষরা বিনামূল্যে খাবারও খেতে পারেন।

চিনের এক দম্পতি তাদের অনন্য রেস্তোরাঁর মাধ্যমে এক অন্যরকম ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন। এখানে গ্রাহকরা হাতের ইশারা এবং হাসিমুখে অর্ডার দেন। আর্থিক সমস্যায় থাকা মানুষরাও বিনামূল্যে খাবার খেতে পারেন। মধ্য চিনের শানজি প্রদেশের তাইয়ুয়ানে অবস্থিত এই রেস্তোরাঁয় স্টিমড রাইস রোল পরিবেশন করা হয়, তবে কোনও কথা বলে অর্ডার নেওয়া হয় না। বদলে, গ্রাহকরা কাউন্টারে রাখা খাবারের দিকে আঙুল দিয়ে দেখান, আর মালিকরা হাসিমুখে সেই অর্ডার নেন।

চাওশান ডেফ সিস্টার নামের এই রেস্তোরাঁটি চালান ইয়িন ইং এবং তাঁর স্বামী ফেং ইয়াবিন। তাইয়ুয়ানের বাসিন্দা ফেং আট বছর আগে ইয়িনকে বিয়ে করেন। ইয়িন তাঁর সঙ্গে থাকার জন্য চিনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতুং প্রদেশ থেকে চলে আসেন।

দু'জনেরই শ্রবণজনিত সমস্যা রয়েছে। ফেং হিয়ারিং এইডের সাহায্যে মোটামুটি শুনতে পান এবং অনর্গল কথা বলতে পারেন, তবে ইয়িনের সমস্যা একটু বেশি। তিনি ইশারা ভাষাতেই কথা বলেন। এই দম্পতির সাত বছরের একটি সন্তান রয়েছে, যার শোনার কোনও সমস্যা নেই।

অনলাইনে খাবারের ভিডিওর প্রতি স্ত্রীর আগ্রহ দেখেই ফেংয়ের মাথায় এই রেস্তোরাঁ খোলার ধারণা আসে। তাঁর বাড়ির প্রতি টান কমানোর জন্য এবং তাঁর শখকে একটা রূপ দেওয়ার জন্য ফেং তাঁর জমানো সব টাকা দিয়ে এই রেস্তোরাঁ খোলেন। এখানে মূলত স্টিমড রাইস রোল তৈরি করা হয়।

এই খাবারটি চিউং ফান নামে পরিচিত। এটি একটি ঐতিহ্যবাহী ক্যান্টনিজ স্ট্রিট ফুড, যা পাতলা, সেদ্ধ চালের মোড়ক দিয়ে তৈরি হয়। এর মধ্যে কিমা করা গরুর মাংস, ডিম বা পুরো চিংড়ির মতো নানা উপাদান থাকে।

ফেং স্পেশ্যাল এডুকেশনাল নিডসের ছাত্রদের একটি কলেজে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করেন। এরপর তিনি বেজিং এবং সাংহাইতে অ্যানিমেশন ডিজাইনে কাজ করেছেন। তাইয়ুয়ানে ফেরার পর তিনি একটি পেইন্টিং স্টুডিও খোলেন, যেখানে তিনি শ্রবণ-প্রতিবন্ধী শিশুদের আঁকা শেখান।

তিনি নিজেই রেস্তোরাঁটির নকশা এবং সাজসজ্জা করেছেন। তাঁর স্ত্রীর রান্নার প্রশংসা করে কার্টুন এবং ইশারা-ভাষার চিত্র দিয়ে দেওয়াল ভরিয়ে দিয়েছেন। ফেং বিশ্বাস করেন, এই শিল্পকর্ম গ্রাহকদের তাঁদের জগৎকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। রেস্তোরাঁটি শ্রবণ-প্রতিবন্ধী অন্যান্য মানুষদেরও কর্মসংস্থানের সুযোগ দেয়।

এই রেস্তোরাঁয় গ্রাহকরা কাউন্টারে রাখা মেনু থেকে তাঁদের পছন্দের খাবারের দিকে আঙুল দিয়ে দেখান। ইয়িন হাসিমুখে অর্ডার নেন, যা প্রত্যেককে এক অন্যরকম উষ্ণতা দেয়।

গত বছরের জানুয়ারিতে এই দম্পতির গল্প অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পায়। ৩ লক্ষ ফলোয়ার্স থাকা এক ইনফ্লুয়েন্সার ওই রেস্তোরাঁয় গিয়ে জানান যে তাঁর কাছে কোনও টাকা নেই এবং তিনি বিনামূল্যে খাবার চান।

ইয়িন খুশিমনে তাঁর জন্য স্টিমড রাইস রোল তৈরি করে দেন এবং এক পয়সাও নেননি। এই দম্পতি তাঁকে কাউন্টারে থাকা সমস্ত নগদ টাকাও দিয়ে দেন এবং যখনই তাঁর সাহায্য দরকার, তাঁকে আবার আসার জন্য আমন্ত্রণ জানান।

তাঁদের উদারতায় মুগ্ধ হয়ে ওই ইনফ্লুয়েন্সার পরে তাঁদের জন্য এক বিশেষ উপহার নিয়ে আসেন। তিনি একটি পাতায় এই দম্পতির ছবি খোদাই করে তাঁদের উপহার দেন।

এই ঘটনার একটি ভিডিও অনলাইনে শেয়ার করার পর, ওই ইনফ্লুয়েন্সার দম্পতির জন্য প্রচুর সমর্থনের ঝড় তোলেন। অনেকেই তাঁদের সাহায্য করার জন্য খাবার ডেলিভারির অর্ডার দেন, তবে ইচ্ছাকৃতভাবে সেই খাবার ডেলিভারি না নেওয়ার সিদ্ধান্ত নেন।

সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ হলেও, এই দম্পতি মানুষকে তাঁদের "কষ্টার্জিত অর্থ নষ্ট না করার" অনুরোধ করেছেন।

রেস্তোরাঁর বাইরে একটি বোর্ডে ব্যক্তিগত সমস্যায় থাকা মানুষদের বিনামূল্যে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা শ্রবণ-প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী এবং স্যানিটেশন কর্মীদেরও বিনামূল্যে খাবার দেন।