Tibet Arrest: দলাই লামার ছবি দেখানোয় তিব্বতে সমাজকর্মী গ্রেপ্তার, সমালোচনার মুখে চিন

Saborni Mitra   | ANI
Published : Aug 06, 2026, 08:05 PM IST
Tibet under China Chinese Activist Arrested in Tibet for Showing Dalai Lama Photo

সংক্ষিপ্ত

তিব্বতে এক গণতন্ত্রপন্থী অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে চিন। ঝাং ই নামের ওই অ্যাক্টিভিস্ট দলাই লামার একটি ছবি দেখিয়েছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনাকে মানবাধিকারের ওপর চিনা কর্তৃপক্ষের খড়্গহস্ত হওয়ার ভয়ঙ্কর উদাহরণ বলে বর্ণনা করেছে।

তিব্বতে ঝাং ই নামে এক প্রবীণ গণতন্ত্রপন্থী অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করেছে চিনা কর্তৃপক্ষ। এই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক স্তরে তীব্র সমালোচনার মুখে পড়েছে বেজিং। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, চিন শান্তিপূর্ণভাবে মত প্রকাশ এবং ধর্মীয় স্বাধীনতা দমনের জন্য জাতীয় নিরাপত্তা আইনকে হাতিয়ার করছে। এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ডেপুটি রিজিওনাল ডিরেক্টর সারাহ ব্রুকস বলেন, "শান্তিপূর্ণভাবে মানবাধিকার চর্চার ওপর চিনা কর্তৃপক্ষ কতটা খড়্গহস্ত, এই ঘটনা তারই এক ভয়ঙ্কর উদাহরণ।"

সমাজকর্মীর ঠিকানা লাসা ডিটেনশন সেন্টারে

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ঝাংকে "বিচ্ছিন্নতাবাদে উস্কানি" দেওয়ার অভিযোগে ২৮ জুলাই আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। এর আগে ৩০ জুলাই ফোনে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছিল। ৫ আগস্ট তাঁর পরিবার গ্রেপ্তারের নোটিশ পায়। বর্তমানে তাঁকে লাসা ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

দলাই লামার ছবি দেখাতেই বিপত্তি!

ঝাং উহান শহরের বাসিন্দা এবং একজন হান চাইনিজ মানবাধিকার কর্মী। গত ১ জুলাই তিনি তাঁর ছোট ভাইয়ের সঙ্গে লাসার সেরা মনেস্ট্রিতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে এক তিব্বতি উপাসকের থেকে একটি প্রার্থনার মাদুর ধার চাইতে গিয়ে তিনি ভাষার সমস্যায় পড়েন। তখন কথা না বলতে পেরে তিনি নিজের মোবাইল থেকে দলাই লামার একটি ছবি দেখান।

অভিযোগ, সেই সময় সাদা পোশাকের দুই পুলিশ অফিসার ঘটনাটি দেখতে পান এবং ঝাং ও তাঁর ভাইয়ের ভিডিও রেকর্ড করেন। ঝাং মনেস্ট্রি থেকে বেরোনোর আগেই পুলিশ তাঁকে আটক করে।

পরে একটি ক্রিমিনাল ডিটেনশন নোটিশে নিশ্চিত করা হয় যে, ঝাংকে "বিচ্ছিন্নতাবাদে উস্কানি" দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে। তবে এই অভিযোগের স্বপক্ষে চিনা কর্তৃপক্ষ প্রকাশ্যে কোনও তথ্য দেয়নি।

 

দলাই লামার ছবি দেখানো কি বিচ্ছিন্নতাবাদ উস্কে দেওয়া?

ব্রুকস বলেন, এই ঘটনা এটাই প্রমাণ করে যে বেজিং দীর্ঘদিন ধরে তিব্বতের ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মের সঙ্গে যুক্ত শান্তিপূর্ণ মতপ্রকাশকে অপরাধ হিসেবে দেখানোর জন্য "বিচ্ছিন্নতাবাদে উস্কানি" দেওয়ার অভিযোগকে ব্যবহার করে আসছে। তিনি আরও বলেন, "একজন ধর্মগুরুর ছবি দেখানো কখনওই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে না।" তিনি ঝাং-এর অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

অ্যামনেস্টি চিনা কর্তৃপক্ষকে আর্জি জানিয়েছে, ঝাংকে যেন দ্রুত তাঁর পরিবার এবং নিজের পছন্দের আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি, তাঁকে হেফাজতে থাকাকালীন অত্যাচার বা অন্য কোনও ধরনের দুর্ব্যবহার থেকে রক্ষা করারও দাবি জানানো হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Butterflies Inherit Memories: প্রজাপতিরা শুঁয়োপোকা অবস্থার স্মৃতি মনে রাখে, বিশ্বকে চমকে দিল ১০ বছরের জাপানি খুদের গবেষণা
Shehbaz Sharif: পাকিস্তানে শেহবাজ শরিফ সরকার মেয়াদ পূর্ণ করবে? মহসিন নকভির মন্তব্যে জল্পনা