Nepal PM Visit: দুই দিনের সরকারি সফরে আজ ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। এই সফরে ভারতের সঙ্গে বিদ্যুৎ চুক্তি, আর্থিক সহায়তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
Nepal PM Visit: দু’দিনের সফরে আজ সন্ধ্যায় ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। ভারত-নেপাল সম্পর্কে এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হবে। সেখানে বাণিজ্য, বিদ্যুৎ সহযোগিতা, সীমান্ত সমস্যা ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা। নেপালে চিনের প্রভাব ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে নেপালের নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক মজবুত করা ভারতের অন্যতম লক্ষ্য।
ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ:-
দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে গত মার্চে নেপালে জেন-জিদের বড় আন্দোলনের পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে ৩৬ বছর বয়সি বালেন শাহের ন্যাশনাল ইন্ডিপেনডেন্ট পার্টি। একসময় র্যাপার ছিলেন তিনি। সেখান থেকে রাজনীতিতে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। আর প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকেই বেছে নিয়েছেন তিনি। নেপালে যখন ভারত ও চিনের মধ্যে প্রভাব বিস্তারের লড়াই চলছে, তখন বালেন শাহের এই ভারত সফর বেশ তাৎপর্যপূর্ণ। চিনের প্রভাবের মাঝে নেপালকে কাছে টানার চেষ্টাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন।
৩৪ জনের এক প্রতিনিধি দল নিয়ে আসছেন বালেন শাহ। আজ সন্ধ্যায় ভারতে পৌঁছনোর পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে। ভারত-নেপাল বিজনেস ফোরামেও যোগ দেবেন তিনি। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর বৈঠক হবে।
গত অগাস্টে আচমকা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্নিমাণের জন্য প্রায় ৫০০ কোটি ডলার দরকার নেপালের। এর জন্য ভারতের কাছ থেকে বড় আর্থিক প্যাকেজ আশা করছে তারা। পাশাপাশি, আগেই নেপাল থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে সায় দিয়েছিল ভারত। এই চুক্তি আরও বাড়ানো এবং ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রফতানির বিষয়েও বৈঠকে আলোচনা হবে। নেপালের পশ্চিম দিকের নতুন বিমানবন্দরগুলোতে বড় বিমান নামার জন্য ভারতের আকাশসীমায় নতুন রুটের দাবি দীর্ঘদিন ধরেই করে আসছে কাঠমান্ডু।
চিনের সাহায্যে তৈরি ওই বিমানবন্দরগুলো নিয়ে ভারতের কিছু উদ্বেগ থাকলেও, সেগুলো ঠিকমতো চালানোর জন্য নতুন রুট পাওয়া জরুরি বলে মনে করে নেপাল। এসব আলোচনার পাশাপাশি দুই দেশের প্রধানমন্ত্রী কয়েকটি যৌথ বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনও করবেন। দু’দিনের সফর শেষে আগামীকাল সন্ধ্যায় নেপালে ফিরে যাবেন বালেন শাহ।
















