
Dhaka Flight Scare: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। সৌদি আরবের জেড্ডাগামী ওই বিমানটি রানওয়েতে টেক-অফ বা ওড়ার ঠিক আগের মুহূর্তেই তাতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। বিপদ আঁচ করতে পেরে পাইলট সঙ্গে সঙ্গে টেক-অফ বাতিল করার সিদ্ধান্ত নেন এবং বিমানটিকে রানওয়েতেই নিরাপদে থামিয়ে দেন। কিন্তু বিমান থামার পরই ল্যান্ডিং গিয়ার অর্থাৎ চাকার অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়, যা ঘিরে বিমানবন্দর চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রানওয়ের সঙ্গে চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়া তৈরি হয় বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
দেখুন ভিডিও
NOW: Smoke spotted near the landing gear of a Jeddah-bound US-Bangla Airlines flight after the pilot aborted takeoff due to a technical issue at Hazrat Shahjalal International Airport in Dhaka, Bangladesh.
All 420 passengers safely evacuated. https://t.co/2UJH9WmL83
— Weather Monitor (@WeatherMonitors) November 29, 2026
ধোঁয়া দেখামাত্রই মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে ওঠে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং জরুরিকালীন ব্যবস্থা চালু করা হয়। প্রাথমিক ভাবে যাত্রীরা বিমানের ভিতরেই ছিলেন, তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত বিমান খালি করার নির্দেশ দেওয়া হয়। গ্রাউন্ড স্টাফ এবং আপৎকালীন উদ্ধারকারী দলের তৎপরতায় বিমানে থাকা ৪২০ জন যাত্রী এবং ক্রু সদস্যদের প্রত্যেককেই নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় কারও কোনও চোট-আঘাত লাগেনি এবং সমস্ত যাত্রীকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
পাইলটের ঠিক সময়ে নেওয়া সিদ্ধান্তেই যে এ যাত্রায় বড় বিপদ এড়ানো গিয়েছে। ঘটনার জেরে বিমানবন্দরের পরিষেবা সাময়িক ভাবে ব্যাহত হয় এবং জেদ্দাগামী ওই ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। ল্যান্ডিং গিয়ার বা ব্রেকের কোনও সমস্যার জেরেই ওই ধোঁয়া বেরোচ্ছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই বিমানটিকে পরীক্ষা করে দেখছেন আধিকারিকেরা এবং যান্ত্রিক ত্রুটির আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
ইউএস-বাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ রবিবার বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৪টা ১০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩৬১ ফ্লাইটটির টেক অফের ঠিক আগে ককপিটে যন্ত্রের নির্দেশনায় অসংগতি দেখা দিলে পাইলট টেক অফ বাতিলের সিদ্ধান্ত নেন। বিমানটির ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয় এবং যাত্রীদের নামিয়ে আনা হয়। ফ্লাইটটির সব যাত্রী নিরাপদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে রয়েছেন।