Los Angeles Earthquake: মাঝ আকাশ থেকে মাটি ছোঁয়ার আর মাত্র কয়েকশো ফুট বাকি। সেই মুহূর্তেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর। তাতেই বিপদ আঁচ করে অবতরণ বাতিল করে ফের আকাশে উড়ে গেল ডেল্টা এয়ার লাইন্সের যাত্রীবাহী বিমান।
Los Angeles Earthquake: মাঝ-আকাশ থেকে মাটি ছোঁয়ার আর মাত্র কয়েকশো ফুট বাকি। ঠিক সেই মুহূর্তেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর। আর তাতেই বিপদ আঁচ করে অবতরণ বাতিল করে ফের আকাশে উড়ে গেল ডেল্টা এয়ার লাইন্সের একটি যাত্রীবাহী বিমান। শনিবার সকালে (স্থানীয় সময় সাড়ে ৯টা নাগাদ) রিখটার স্কেলে ৫.০ মাত্রার এই কম্পনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথমে কম্পনের মাত্রা ৫.২ বলা হলেও পরে তা সংশোধন করে ৫.০ করা হয়।
কম্পনের তীব্রতা প্রবলভাবে অনুভূত হয়
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ম্যানহাটন বিচ থেকে প্রায় তিন মাইল দক্ষিণ-পশ্চিমে, সান্তা মনিকা উপসাগরের গভীরে। উৎসস্থল থেকে আমেরিকার অন্যতম ব্যস্ত লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর (এলএএক্স)-এর দূরত্ব ছিল মাত্র পাঁচ থেকে সাড়ে ছয় মাইল। ফলে কম্পনের তীব্রতা সেখানে প্রবলভাবে অনুভূত হয়।
দেখুন ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
এই ঘটনার একটি রুদ্ধশ্বাস ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 'এয়ারলাইন ভিডিয়োজ লাইভ'-এর ক্যামেরায় ধরা পড়েছে, প্রবল কম্পনে বিমানবন্দরের ক্যামেরা থরথর করে কাঁপছে এবং চারপাশে গাড়ির অ্যালার্ম বেজে উঠছে। ঠিক সেই সময়েই কানসাস সিটি থেকে আসা ডেল্টা ১৯৭২ (এয়ারবাস এ৩১৯) বিমানটি ২৪-আর রানওয়েতে অবতরণের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। পরিস্থিতি বেগতিক দেখে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) থেকে পাইলটদের তড়িঘড়ি বার্তা দেওয়া হয়, ''ডেল্টা ১৯৭২, গো অ্যারাউন্ড (অবতরণ বাতিল করে উপরে উঠে যান)।'' এর পরেই কন্ট্রোলারের গলায় শোনা যায় সেই ভাইরাল হওয়া কথাটা, ''আমাদের এখানে বড়সড় ভূমিকম্প হচ্ছে!" নির্দেশ পাওয়ামাত্রই মাটি থেকে মাত্র কয়েকশো ফুট উচ্চতা থেকে বিমানটিকে ফের আকাশে ভাসিয়ে দেন পাইলটরা। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সিয়াটল থেকে আসা ডেল্টার আরও একটি বিমানকেও (ফ্লাইট ১৬২৮) একইভাবে অবতরণ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।
পরে অবশ্য ২টি বিমানই নিরাপদে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে অবতরণ করে। ডেল্টা ১৯৭২ বিমানটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা ১৩ মিনিট পর, সকাল ১০টা ১ মিনিট নাগাদ মাটি ছুঁয়ে ফেলে। ডেল্টা কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই সতর্কতা নেওয়া হয়েছিল এবং কোনও বিপত্তি ছাড়াই বিমান দু’টি নেমেছে। মূল কম্পনের পর একাধিক আফটারশক অনুভূত হলেও সুনামির কোনও সতর্কতা জারি করেনি জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র। কম্পনের জেরে বিমানবন্দরের টার্মিনালের ভেতরে কাচ ভেঙে যাওয়া, সিলিং টাইলস খসে পড়া এবং ছাদ চুঁইয়ে জল পড়ার মতো সামান্য কিছু ক্ষয়ক্ষতির খবর মিলেছে। তবে বড় কোনও কাঠামোগত ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত রানওয়ে পরীক্ষা করে সবুজ সঙ্কেত দেওয়ার পরই পরিষেবা ফের স্বাভাবিক হয়। ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে এটিসি এবং পাইলটদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












