Dubai Airport Drone Incident: আরও একবার দুবাইয়ের বুকে হামলা। ইরান থেকে ফের বুর্জ খলিফার শহরে উড়ে এল ড্রোন। মধ্যপ্রাচ্যে চলা উত্তেজনার মধ্যেই বুধবার সকালে দুবাই বিমানবন্দরের সামনে আছড়ে পড়ে ড্রোন। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের সামনে এই ড্রোন হামলায় চারজন গুরুতর জখম হন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন পড়ে যায়। এতে চারজন সাধারণ মানুষ আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসন সূত্রে খবর, জখমদের মধ্যে দুইজন ঘানার, একজন করে ভারত ও বাংলাদেশের নাগরিক আছেন। তাঁদের পায়ে চোট লেগেছে। এছাড়া একজন বাংলাদেশি নাগরিকও সামান্য আহত হয়েছেন। আর একজন ভারতীয় নাগরিক মাঝারি মাত্রায় আহত হয়েছেন।
ঘটনার পরপরই উদ্ধারকারী দল এবং জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে ড্রোন পড়লেও দুবাইয়ের প্রধান বিমানবন্দরে-এর উড়ান পরিষেবায় কোনও প্রভাব পড়েনি। বিমান ওঠানামা স্বাভাবিকভাবেই চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিমানবন্দরের পরিকাঠামোরও বড় কোনও ক্ষতির খবর মেলেনি। স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ৩৮ মিনিট নাগাদ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এক্স-এ (X) একটি বিবৃতি দিয়ে এই ঘটনার কথা জানায় দুবাই মিডিয়া অফিস।
দেখুন খবরটি
এই ঘটনা এমন সময় ঘটল, যখন গোটা মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়ছে। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, ড্রোনগুলি ইরান থেকে ছোড়া হতে পারে। যদিও প্রশাসনের তরফে এখনও ড্রোনের উৎস বা পড়ে যাওয়ার সঠিক কারণ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত কয়েক সপ্তাহ ধরেই সংযুক্ত আরব আমিরশাহিতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র সংক্রান্ত একাধিক ঘটনার খবর সামনে এসেছে। তার জেরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং দুবাইয়ে বিমান যাতায়াত এখনও নিরাপদ ও স্বাভাবিক রয়েছে।