
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলে কাসিম খান তাঁর বাবার আটক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। পাক সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বাধীন সামরিক বাহিনীর বিরুদ্ধে খুন, অপহরণ এবং নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি।
এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্টে কাসিম তাঁর বাবার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর কোনও ক্ষতি হওয়ার আগেই আন্তর্জাতিক মহলকে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি।
কাসিম বলেন, "মুনির এবং তাঁর সরকার কোনও যুক্তিই শুনবে না। তারা ইচ্ছেমতো খুন, অপহরণ এবং অত্যাচার করছে। পাকিস্তানের বৈধ এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা আমার বাবাকে তারা হত্যা করার আগেই বিশ্বের পদক্ষেপ করার সময় এসেছে।" ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির আটকের পরিস্থিতি নিয়ে যখন চারদিকে উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময়ই কাসিম এই মন্তব্য করলেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও তাঁদের স্বাস্থ্য পরিষেবা, পরিবারের সঙ্গে দেখা করা এবং আইনি সাহায্য পাওয়ার ক্ষেত্রে নানা প্রশ্ন তুলেছে।
এক্স-এ একটি পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে ইমরান খানকে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। শুধু ২০২৬ সালের আগস্ট মাসে তাঁর বোনের সঙ্গে দু'বার দেখা করার সুযোগ দেওয়া হয়েছিল। সংগঠনটি আরও জানিয়েছে, ২০২৬ সালের মার্চ মাস থেকে তাঁকে তাঁর ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলতেও দেওয়া হয়নি
৭৪ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রীকে একা বন্দি করে রাখা এবং মানুষের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার খবরেও উদ্বেগ প্রকাশ করেছে এই মানবাধিকার সংগঠন। তারা সতর্ক করেছে যে, এই পরিস্থিতি তাঁর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলতে পারে। এছাড়াও তাঁর রক্তচাপের মারাত্মক সমস্যার খবর তুলে ধরে সংগঠনটি অভিযোগ করেছে যে, আগস্ট মাসে সুপ্রিম কোর্ট তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও, পাক কর্তৃপক্ষ তাঁকে স্বাধীন চিকিৎসকদের সাহায্য নিতে দেয়নি।
বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা জানিয়েছে, তিনি চোখের এমন একটি সমস্যায় ভুগছেন যার ফলে তাঁর দৃষ্টিশক্তিও চলে যেতে পারে, অথচ তাঁকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি। সংগঠনটি জানিয়েছে, বন্দি দম্পতির প্রতি এই আচরণ 'ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস' (ICCPR)-এর ১০ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, যেখানে বন্দিদের সঙ্গে মানবিক এবং সম্মানজনক আচরণ করার কথা বলা হয়েছে। এরই পাশাপাশি, ইমরান খানের অধিকারের পক্ষে কথা বলার জন্য তাঁর পরিবারের সদস্যদের, বিশেষ করে তাঁর বোনেদের আটক করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংগঠনটির মতে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ইসলামাবাদে একটি পরিকল্পিত পদযাত্রার জেরে, ১৯৬০ সালের মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্টের ৩ নম্বর ধারায় ২০ এবং ২১ সেপ্টেম্বর তাঁর তিন বোনকে আটক করা হয়। গত সপ্তাহে তাঁর দুই বোন মুক্তি পেলেও, আলিমা খান এখনও লাহোরের কোট লাখপত জেলে বন্দি রয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাক কর্তৃপক্ষের কাছে ইমরান খান এবং বুশরা বিবির পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করা, পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ ফিরিয়ে দেওয়া এবং অবিলম্বে আলিমা খানকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।