
Indonesia Helicopter Crash: বনের ভিতর দাবানলের আগুন নেভাতে গিয়ে ইন্দোনেশিয়ায় বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল একটি কপ্টার। আজ, রবিবার স্থানীয় সময় দুপুর ১১টা ৫৮ মিনিট নাগাদ দক্ষিণ কালিমন্তানের বারিটো নদীতে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। তবে চালকসহ কপ্টারে থাকা তিন ক্রু সদস্যই বরাতজোরে বেঁচে গিয়েছেন। স্থানীয় ও প্রশাসনিক সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে বারিটো কুয়ালা জেলার কুরি পান ব্লকের তাবাতান গ্রাম সংলগ্ন এলাকায়। ভাঙা কপ্টারটি ছিল প্রাইভেট মালিকানাধীন 'ইউরোকপ্টার ইসি২২৫এলপি সুপার পুমা' (Airbus Helicopters H225)। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা (BNPB) এটিকে দাবানল (কারহুতলা) নেভানোর জন্য ভাড়ায় নিয়ে এসেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদী থেকে 'বাম্বি বালতি' (Bambi bucket) দিয়ে জল তোলার কাজ করছিল কপ্টারটি। জল নেওয়ার পর কপ্টারটি ঘোরানোর সময় আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারায়। এরপর কপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীর ঘোলা জলে আছড়ে পড়ে। ভয়াবহ সেই দুর্ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে নদী থেকে জল তুলে ওড়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রকাণ্ড শব্দে জলে পড়ে যাচ্ছে কপ্টারটি।
দুর্ঘটনার সময় কপ্টারে মোট তিনজন ক্রু ছিলেন, অস্ট্রেলিয়ার নাগরিক মাইকেল জন বেটারিজ, নিউজিল্যান্ডের হিউ অ্যান্ড্রু জন পেজ এবং ইন্দোনেশিয়ার স্থানীয় নাগরিক ইয়ায়ান। কপ্টারটি নদীতে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় গ্রামবাসীরা স্পিডবোট নিয়ে উদ্ধারে নামেন। তাঁদের তৎপরতাতেই তিনজনকে জল থেকে নিরাপদে তুলে আনা সম্ভব হয়। পরে দুর্ঘটনাকবলিত কপ্টারটিকে টেনে নদীর তীরে সরিয়ে আনা হয়।
কী জানাল প্রশাসন
A helicopter has crashed into a river in Indonesia https://t.co/TJ6EUYKaEI
— Surajit (@surajit_ghosh2) November 8, 2026
দুর্যোগ মোকাবিলা সংস্থার (BNPB) তথ্য ও যোগাযোগ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান বার্টন এসপি পাঞ্জাইতান এবং সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল ক্রিস্টোমি সিয়ানতুরি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কীভাবে কপ্টারটি নিয়ন্ত্রণ হারাল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, কালিমন্তানের বনভূমিতে লাগা ভয়াবহ দাবানল নেভাতে বেশ কিছুদিন ধরেই 'ওয়াটার বোম্বিং' চালাচ্ছে কপ্টারগুলি। তবে এই নিয়ে চার দিনের মধ্যে দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটল। এর আগে গত ৪ নভেম্বর মধ্য কালিমন্তানের তানজুং পুটিং জাতীয় উদ্যানের কাছে বায়ুসেনার একটি Mi-17V5 কপ্টার একই কাজে গিয়ে ভেঙে পড়েছিল। সেই দুর্ঘটনায় ৩ জন সেনাকর্মীর মৃত্যু হয় এবং ৫ জন গুরুতর আহত হন। বারবার কপ্টার দুর্ঘটনার ঘটনায় বিপজ্জনক আকাশপথে আগুন নেভানোর কাজ নিয়ে উদ্বেগ বাড়ছে।