হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে হঠাৎ চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের পর তার পরিবার ও শুভানুধ্যায়ীরা গভীর উৎকণ্ঠায় রয়েছেন। কোনো আনুষ্ঠানিক তথ্য না পাওয়ায় তার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এই উদ্বেগ প্রকাশ করে উপযুক্ত চিকিৎসার দাবি জানিয়েছেন।
হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে চট্টগ্রাম থেকে হঠাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। এতে তার পরিবার ও শুভানুধ্যায়ীরা চরম উৎকণ্ঠায় ভুগছেন বলে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। কারণ, এই স্থানান্তর নিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কিছুই জানানো হয়নি।
রীতিমত অসুস্থ চিন্ময় ব্রহ্মচারী
এএনআই-কে অপূর্ব ভট্টাচার্য জানান, চিন্ময় ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে কারাগারে আছেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তার ধর্মীয় রীতিনীতি ও খাদ্যাভ্যাস অনুযায়ী বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। তিনি বলেন, "হঠাৎ করেই আমরা জানতে পারি যে গতকাল ভোর ৫টায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও সরকারিভাবে আমাদের কিছুই জানানো হয়নি। এই কারণে তার পরিবার ও ভক্তরা গভীরভাবে উদ্বিগ্ন।" চিন্ময়ের শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাসের কথা তুলে ধরে এই আইনজীবী বলেন, "তিনি একজন সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং পুরোপুরি নিরামিষভোজী। তিনি লিভারের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ আরও কিছু শারীরিক জটিলতায় ভুগছেন।" তিনি আরও জানান, বৈষ্ণব ধর্মীয় নিয়ম অনুযায়ী চিন্ময় অন্যের রান্না করা খাবার খান না। তাই চট্টগ্রাম জেলে রঙ্গনাথন নামের এক বন্দি তাকে রান্নার কাজে সাহায্য করতেন।
ভট্টাচার্য বলেন, "এই পরিস্থিতিতে, জেলে তার দেখভালের জন্য রঙ্গনাথন নামের ওই বন্দি তাকে সাহায্য করছিলেন। কারণ বৈষ্ণব নিয়ম অনুযায়ী তিনি সম্পূর্ণ নিরামিষ খান এবং অন্যের তৈরি খাবার ছুঁয়েও দেখেন না।"
চিন্ময়ের জন্য দাবি তাঁর আইনজীবীর
চিন্ময় এখন ঠিক কোথায় আছেন তা প্রকাশ করতে এবং তার সঠিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এই আইনজীবী। তিনি বলেন, "সরকারের উচিত আমাদের আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো। তার সঠিক চিকিৎসা ও উপযুক্ত খাবারের ব্যবস্থা করা। কারণ খাবার না পেলে যে কেউ মারা যেতে পারে।" এই স্থানান্তরের কারণ নিয়ে প্রশ্ন তুলে ভট্টাচার্য মনে করিয়ে দেন যে, চিন্ময়ের মামলাটি বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। তিনি যোগ করেন, "তাই আইনি দৃষ্টিকোণ থেকে কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, অন্তত আমাকে বা তার পরিবারের সদস্যদের জানানো হোক যে তাকে এখন কোথায় রাখা হয়েছে। অবিলম্বে এই পরিস্থিতি পরিষ্কার করা দরকার, কারণ আমরা তার খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তায় আছি।"
চিন্ময়কে কড়া নিরাপত্তায় জেল পরিবর্তন
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশের ‘সনাতনী জাগরণ জোট’-এর মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার কড়া নিরাপত্তায় চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। তাকে বহনকারী গাড়িটি সকাল ১০টা নাগাদ ঢাকা জেলে পৌঁছায় বলে জানা গেছে। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে হওয়া একটি রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় দায়ের করা আলাদা একটি মামলাতেও তিনি অন্যতম আসামি। এই দ্বিতীয় মামলার সাক্ষ্যগ্রহণ বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলছে।










