
বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে চাঞ্চল্য! চিন থেকে বাংলাদেশে আসছিল বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিক। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ইন্দোনেশিয়ার নৌবাহিনীর হাতে আটক হল সেই পণ্যবাহী জাহাজ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং লক্ষ লক্ষ সিম কার্ড। এই বিপুল পরিমাণ রাসায়নিকের প্রকৃত ব্যবহার এবং বাংলাদেশের কোন সংস্থার কাছে তা পাঠানো হচ্ছিল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। কমোরোসের পতাকাবাহী 'এমভি স্টার লাইন' নামের জাহাজটি চিনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলের কাছে ইন্দোনেশিয়ার জলসীমায় জাহাজটিকে আটক করে সে দেশের নৌবাহিনী। ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই অভিযানের কথা জানানো হয়।
জাহাজটিতে মোট ৩৬টি কন্টেনার ছিল। তার মধ্যে ১৫টি কন্টেনারে পাওয়া যায় প্রায় ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। এছাড়া ৫৪টি প্যালেটে রাখা ছিল লক্ষ লক্ষ অনিবন্ধিত ব্ল্যাঙ্ক ৪জি এলটিই সিম কার্ড। সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী অক্সিডাইজিং রাসায়নিক। রকেট ও ক্ষেপণাস্ত্রের প্রপেল্যান্ট তৈরিতে এটি ব্যবহার করা হয়। তবে এই রাসায়নিক নিজে বিস্ফোরক বা জ্বালানি নয়। এটি দহনে সহায়তা করে।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর এক আধিকারিকের দাবি, উদ্ধার হওয়া রাসায়নিকের পরিমাণ দিয়ে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ তৈরি করা সম্ভব হতে পারে। যদিও এই হিসাবের প্রযুক্তিগত ভিত্তি এবং রাসায়নিকের প্রকৃত ব্যবহার এখনও স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর নজরে আসে জাহাজটির অস্বাভাবিক গতিবিধি। বেলাওয়ান জলসীমায় জ্বালানি নেওয়ার অজুহাতে নির্ধারিত পথের বাইরে থামে জাহাজটি। এরপর টহলদারি জাহাজ KRI Sigalu-857 সেটিকে আটক করে। অভিযোগ, নৌবাহিনীর রেডিও যোগাযোগের জবাব দেয়নি জাহাজটি। এমনকী জাহাজটির নথিপত্র ও রেজিস্ট্রেশন নিয়েও অসঙ্গতি পাওয়া গিয়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন এটাই। চিন থেকে আসা এই বিপুল পরিমাণ রাসায়নিক এবং লক্ষ লক্ষ সিম কার্ড বাংলাদেশের কোন সংস্থা বা ব্যক্তির কাছে পাঠানো হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। ইন্দোনেশিয়ার নৌবাহিনী জাহাজের কর্মী, পণ্যের নথিপত্র এবং চালানের প্রকৃত মালিকানা নিয়ে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত আমদানিকারক বা চূড়ান্ত প্রাপকের পরিচয় প্রকাশ করা হয়নি।