
আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সম্প্রতি তাঁর এক্সক্লুসিভ ডিজিটাল ছবির কালেকশন 'ফোটো আর্কাইভাল ডিজিটাল এডিশন' সামনে এনেছেন। এই ছবিগুলো তুলেছেন আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় ফ্যাশন ফোটোগ্রাফার এলেন ভন আনওয়ার্থ।
মেলানিয়া ট্রাম্পের শেয়ার করা প্রেস নোট থেকে জানা যাচ্ছে, এই কালেকশনে মেলানিয়ার এক দারুণ ভিজ্যুয়াল পোর্ট্রেট ফুটে উঠেছে। এর মাধ্যমে এলেন ভন আনওয়ার্থের অসাধারণ শিল্পকলার পরিচয়ও পাওয়া যায়। ২০ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাওয়া নতুন দুই পর্বের ডকুসিরিজ 'মেলানিয়া, দ্য সিরিজ'-এর সঙ্গেই এই ছবির কালেকশনটি আনা হয়েছে।
এই ডকুসিরিজে দুটি এপিসোড রয়েছে—'ফ্যামিলি অ্যান্ড ট্রাস্ট' এবং 'প্রাইড অ্যান্ড অনার'। ক্যামেরার বাইরের জীবনে মেলানিয়ার ব্যক্তিগত যাত্রা, তাঁর আদর্শ আর জীবনের নানা অজানা দিকগুলো এখানে তুলে ধরা হয়েছে।
নিউ ইয়র্ক সিটির বিখ্যাত লিঙ্কন সেন্টারে সিরিজের প্রিমিয়ার চলাকালীন দর্শকদের উদ্দেশে একটি শক্তিশালী বার্তা দেন মেলানিয়া।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে তাঁর বক্তব্য তুলে ধরে বলা হয়, "আজ রাতে, প্রথমবারের মতো আমি আপনাদের আমার দুনিয়াটা একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি, আমার এই ব্যক্তিগত যাত্রা আপনাদের নিজেদের জীবন নিয়ে ভাবতে, প্রিয়জনদের ভালোবাসতে এবং নিজেদের বিশ্বাসের প্রতি অবিচল থাকতে অনুপ্রাণিত করবে।"
নতুন এই সিরিজটি তৈরি হয়েছে 'মেলানিয়া, দ্য ফিল্ম'-এর অভূতপূর্ব সাফল্যের ওপর ভিত্তি করে। ওই সিনেমাটি বিশ্বজুড়ে এক নম্বর জায়গা দখল করেছিল এবং গত ১৪ বছরের মধ্যে ডকুমেন্টারি হিসেবে বক্স অফিসে সবচেয়ে বড় ওপেনিং পেয়েছিল।
আগেই ঘোষণা করা হয়েছিল যে, এই সিরিজে এমন কিছু কনটেন্ট থাকবে যা 'আগে কখনও সাধারণ মানুষের সঙ্গে শেয়ার করা হয়নি'। এটি দুটি এপিসোডে ভাগ করা হয়েছে। 'ফ্যামিলি অ্যান্ড ট্রাস্ট' এপিসোডে দেখানো হয়েছে ফার্স্ট লেডি হওয়ার জন্য মেলানিয়ার প্রস্তুতির গল্প, আর 'প্রাইড অ্যান্ড অনার'-এ রয়েছে শপথ গ্রহণের ঠিক পরের মুহূর্তগুলো।
৩০ জানুয়ারি 'মেলানিয়া' থিয়েটারে মুক্তি পায় এবং ৯ মার্চ স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসে। তার পরই এই ডকুসিরিজটি দর্শকদের সামনে আনা হলো।
'মেলানিয়া' পরিচালনা করেছেন ব্রেট র্যাটনার এবং মার্ক বেকম্যানের পাশাপাশি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে মেলানিয়া নিজেও যুক্ত ছিলেন। ফার্নান্দো সুলিচিনের সঙ্গে ব্রেট র্যাটনার, মিউজ ফিল্মস, নিউ এলিমেন্ট মিডিয়া এবং র্যাটপ্যাক এন্টারটেইনমেন্ট যৌথভাবে এটি প্রযোজনা করেছে।