
International Women’s Day celebrations: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিউ ইয়র্ক দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস (New York The Federation of Indian Associations) আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী মহিলাদের বিশেষ সম্মান জানানো হল। নিউ ইয়র্ক দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস সবচয়ে পুরনো ও বৃহত্তম অ-লাভজনক সংস্থা। এই সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) উত্তর-পূর্বের আটটি রাজ্যে থাকা ভারতীয়দের প্রতিনিধিত্ব করে। নিউ ইয়র্ক শহরে ইন্ডিয়া হাউসে গত শুক্রবার এই সংস্থার অষ্টম বার্ষিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানেই সমাজে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ভারতীয় বংশোদ্ভূত মহিলাদের স্বীকৃতি জানানো হয়। যে মহিলারা ব্যবসা-বাণিজ্য, সংবাদমাধ্যম, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে সব বাধা অতিক্রম করে সাফল্য পেয়েছেন, ভারতীয় বংশোদ্ভূতদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচিতি তৈরি করেছেন, তাঁদের সম্মান জানানো হল।
নিউ ইয়র্কে এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন ঋদ্ধি পারিখ প্যাটেল (Riddhi Parikh Patel)। তাঁকে বিশেষ সম্মান জানানো হয়। সম্প্রতি প্রয়াত হয়েছেন অতীতে এই অনুষ্ঠানেই সম্মানিত হওয়া রাধা সুব্রহ্মণ্যম (Radha Subramanyam)। তাঁর কথা স্মরণ করেন ঋদ্ধি। নিউ ইয়র্ক দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনসের প্রেসিডেন্ট শ্রীকান্ত আক্কাপল্লী (Sreekanth Akkapalli) বলেন, তাঁদের সংগঠন শুরু থেকেই বিভিন্ন ক্ষেত্রে কৃতী মহিলাদের পাশে আছে এবং স্বীকৃতি জানাচ্ছে। যে মহিলারা সমাজে গুরুত্বপূর্ণ ইতিবাচক বদল এনেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান শ্রীকান্ত। তিনি এই সংস্থার চেয়ারম্যান অঙ্কুর বৈদ্যর (Ankur Vaidya) পক্ষ থেকে সম্মানিত হওয়া সব মহিলাকে অভিনন্দন জানান।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল রাষ্ট্রদূত বিনয়া শ্রীকান্ত প্রধান (Ambassador Binaya Srikanta Pradhan)। তিনি মহিলাদের ক্ষমতায়নে 'বেটি বাঁচাও বেটি পড়াও,' ‘উজ্জ্বলা যোজনা’-র মতো প্রকল্পের কথা উল্লেখ করেন। ভারতে এই প্রকল্পগুলির মাধ্যমে মহিলাদের জীবনে ইতিবাচক বদল আনা হচ্ছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।