
Israel News: 'আমরা সবাই নিরাপদে আছি। স্বাভাবিক কাজকর্ম চলছে। শুধু যখন সাইরেনের শব্দ শোনা যাচ্ছে, তখন বাঙ্কারে ঢুকে যেতে হচ্ছে। তারপর ১০-১৫ মিনিটের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে। তখন আবার বাইরে বেরিয়ে আসছি।' ফোনে এক নিঃশ্বাসে বলে যাচ্ছিলেন সোমা রবি। তেলঙ্গানার (Telangana) নিজামাবাদের (Nizamabad) বাসিন্দা সোমা। দীর্ঘদিন ধরে তেল আভিভে (Tel Aviv) আছেন। সেখানে তিনি বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দেখাশোনা করার কাজ করেন। গত কয়েক বছরে বারবার ইজরায়েলের পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। কিন্তু তারপরেও সে দেশ ছেড়ে ভারতে ফেরার কথা ভাবেননি সোমা। তাঁর মতোই বহু ভারতীয় ইজরায়েলে নানা কাজের জন্য আছেন। তাঁরা সবাই নিরাপদেই আছেন বলে জানালেন সোমা। তাঁর আশা, যুদ্ধ হলেও, সাধারণ মানুষের উপর এর প্রভাব পড়বে না।
ইরানের (Iran) নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei) মৃত্যু হলেও, এখনই এই অঞ্চলে শান্তি ফিরবে বলে মনে করেন না সোমা। এই ভারতীয় বলছেন, 'ইরানে খামেনেইয়ের মৃত্যুর পর যাঁরা শাসনক্ষমতায় আছেন, তাঁরা এই হত্যার বদলা নেওয়ার কথা বলছেন। ফলে এখনই শান্তি ফিরবে বলে মনে হচ্ছে না। ইরানে যদি বিরোধীরা ক্ষমতায় আসতে পারে, একমাত্র তাহলেই এই অঞ্চলে শান্তি ফিরতে পারে। ইরানে খামেনেইয়ের বিরোধীরা ক্ষমতায় এলে সবার পক্ষেই ভালো হবে। ইরানের মানুষ স্বাধীনতা পাবেন। আশা করি সেটাই হবে।'
সোমা আরও জানিয়েছেন, তাঁর মতোই ইজরায়েলে থাকা ভারতীয়রা স্বাভাবিক কাজকর্ম চালিয়ে গেলেও, সতর্কবার্তার দিকে সবসময় নজর রাখছেন। ইজরায়েল সরকার এবং ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে নিয়মিত সতর্কবার্তা দেওয়া হচ্ছে। মাঝেমধ্যে ক্ষেপণাস্ত্র বা রকেট হামলা হচ্ছে। ফলে সবাই সতর্ক থাকছেন। তবে ইজরায়েলের সেনাবাহিনীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রও (USA) যুক্ত হওয়ায় ইজরায়েলের সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। এখনও পর্যন্ত সবাই নিরাপদে আছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।