
Lorna Hajdini: বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাঙ্ক জেপি মর্গ্যান চেজ অ্যান্ড কোম্পানিতে (JPMorgan Chase & Co) অধস্তন পুরুষ কর্মীদের যৌনদাস হিসেবে ব্যবহার করেছেন সিনিয়র এগজিকিউটিভ লরনা হাজদিনি! এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন এই ব্যাঙ্কের প্রাক্তন কর্মী চিরায়ু রানা (Chirayu Rana)। তাঁর অভিযোগ, যৌন হেনস্থার পাশাপাশি তাঁর অন্যায় নির্দেশ মেনে চলতে বাধ্য করেছেন লরনা। তিনি জাতিবিদ্বেষমূলক আচরণও করেছেন বলে অভিযোগ চিরায়ুর। তাঁর আরও অভিযোগ, তাঁকে নানা ধরনের যৌন উত্তেজনা বর্ধক ওষুধ খাইয়ে যৌন সংসর্গ করতে বাধ্য করতেন লরনা। তাঁর নির্দেশ পালন না করলে প্রাপ্য অর্থ দেওয়া হবে না বলে হুমকিও দিতেন। ৩৭ বছর বয়সি লরনা ১৫ বছর ধরে এই সংস্থায় কর্মরত। তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে নিউ ইয়র্কে (New York) মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় জেপি মর্গ্যান সংস্থাকেও যুক্ত করা হয়েছে। যদিও সংস্থার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।
লরনা দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা চালিয়ে গেলেন আর সংস্থার অন্যান্য উচ্চপদস্থ কর্তারা কিছু জানতেন না, এ কথা অনেকেই বিশ্বাস করতে নারাজ। সংস্থার বিরুদ্ধে এই সিনিয়র এগজিকিউটিভকে আড়াল করা এবং প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর নিজের লিঙ্কডইন (LinkedIn) অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন লরনা। তাঁর ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডলও দেখা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই বিতর্কিত মহিলার বিষয়ে খোঁজ নিচ্ছেন। তাঁরা বলছেন, লরনার যাবতীয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ব্যক্তিগত করে দেওয়া হয়েছে।
চিরায়ুর পরিচয়ের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। অনেকে দাবি করছেন, তিনি ভারতীয় বংশোদ্ভূত। আবার অনেকে বলছেন, এই যুবক আসলে নেপালি বংশোদ্ভূত। এই যুবকের অভিযোগ, ২০২৪ সালে তাঁর উপর অত্যাচার ও হেনস্থা শুরু হয়। তিনি ২০২৫ সালে সংস্থার অভ্যন্তরে অভিযোগ দায়ের করেন। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।