Shanghai Road Sinkhole: ভয়াবহ ধসে তাসের ঘরের মত ভেঙে পড়ে গিরিখাত পরিণত শহরের ব্যস্ততম রাস্তা, দেখুন ভিডিও

Published : Feb 12, 2026, 05:40 PM IST
Shanghai road sinkhole

সংক্ষিপ্ত

Shanghai Road Sinkhole: চিনের সাংহাই শহরের ব্যস্ততম রাস্তায় ভয়াবহ ধসের ফলে যা হল তা দেখে মাথায় হাত সবার। সাংহাইয়ের মিনহাং জেলায় আচমকাই তাসের ঘরের মত ধসে পড়ল রাস্তা। হঠাৎ বিশাল সিঙ্কহোল তৈরি হয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই রাস্তার বড় অংশ গিলে নেয়।

Shanghai Road Sinkhole: চিনের সাংহাই শহরের ব্যস্ততম রাস্তায় ভয়াবহ ধসের ফলে যা হল তা দেখে মাথায় হাত সবার। সাংহাইয়ের মিনহাং জেলায় আচমকাই তাসের ঘরের মত ধসে পড়ল একটি বড় অংশের রাস্তা। কিক্সিন রোড ও লি'আন রোডের সংযোগস্থলে হঠাৎ বিশাল সিঙ্কহোল তৈরি হয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই রাস্তার বড় অংশ গিলে নেয়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, মাটিতে ফাটল ধরার পর দ্রুত তা বড় হতে থাকে এবং মুহূর্তের মধ্যে রাস্তা ভেঙে গভীর গর্তে পরিণত হয়। চারদিকে ধুলো ছড়িয়ে পড়ে, মাটি ও ধ্বংসাবশেষের নিচে তলিয়ে যায়।

মেট্রো লাইনের কাজ চলছিল

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নির্মীয়মাণ জিয়ামিন মেট্রো লাইনের কাজ চলাকালীন জল লিক ও মাটির ক্ষয়ের জেরেই এই ধস নামে। কিক্সিন রোড স্টেশনের জন্য ভূগর্ভস্থ খননকাজ চলছিল। ঠিকাদারি সংস্থার তত্ত্বাবধানে এই কাজ হচ্ছিল বলে জানা গেছে। ঘটনার সময় কর্মীরা দ্রুত এলাকা ছেড়ে সরে যান। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সৌভাগ্যবশত কোনও হতাহতের খবর নেই। সকল কর্মী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। প্রথমে সাংহাই শেনতং মেট্রো গ্রুপ ঘটনাটিকে 'আংশিক লিক' বলে উল্লেখ করলেও পরে পুরো রাস্তা ধসে পড়ার বিষয়টি স্বীকার করে। ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং যান চলাচল অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। রাস্তার স্থিতিশীলতা পরীক্ষা করে দ্রুত মেরামতির কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে, যদিও নির্দিষ্ট সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি।

দেখুন ঘটনার ভয়াবহ ভিডিও

 

 

ধসের সমস্যা এখানে আগেও হয়েছিল

প্রসঙ্গত, নরম পলিমাটি দিয়ে গড়ে ওঠা সাংহাই শহরে অতিরিক্ত ভূগর্ভস্থ জল উত্তোলন, পাতলা বালির স্তর এবং দ্রুত নগরায়নের ফলে অতীতেও একাধিকবার এ ধরনের সিঙ্কহোলের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের জানুয়ারিতেও একই জেলায় নিকাশি পাইপের সমস্যায় রাস্তা ধসে পড়েছিল। প্রশাসন বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং বিকল্প রুট ব্যবহার করতে বলা হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাংলাদেশ নির্বাচন: বিএনপি নাকি জামাত, ভারতের কৌশলী সমীকরণে লাভ কার?
Imran Khan Vision Loss: চাঞ্চল্যকর খবর, প্রায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান