বাংলাদেশের সঙ্গে চিনের প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জাম সংক্রান্ত সম্পর্ক দীর্ঘদিনের। অন্যদিকে পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক ও প্রতিরক্ষা যোগাযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। ফলে চিন থেকে বাংলাদেশগামী বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরির উপযোগী রাসায়নিক উদ্ধারের ঘটনা ভারতের নিরাপত্তা মহলের নজর কাড়তে পারে।

চিন থেকে বাংলাদেশে আসছিল বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক! ইন্দোনেশিয়ার নৌবাহিনীর হাতে বাজেয়াপ্ত হয়েছে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। এই রাসায়নিক দিয়ে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান পাওয়া সম্ভব বলে দাবি করেছেন ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের প্রতিবেশী বাংলাদেশ কি সামরিক শক্তি বাড়ানোর পথে এগোচ্ছে? আর সেই ক্ষেত্রে চিন ও পাকিস্তানের ভূমিকা কতটা?

চিন থেকে বাংলাদেশে আসছিল বিপুল রাসায়নিক

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় কমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন নামে একটি কার্গো জাহাজ আটক করে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। জাহাজটি চিনের লিয়ানিউনগাং বন্দর থেকে বাংলাদেশের মংলা বন্দরের দিকে যাচ্ছিল বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। জাহাজটির ৩৬টি কনটেনারের মধ্যে ১৫টিতে পাওয়া যায় ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক খালি ৪জি এলটিই সিম কার্ড।

১০০টি ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান?

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানিয়েছেন, প্রায় ৪ টন সোডিয়াম পারক্লোরেট দিয়ে একটি ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান প্রস্তুত করা সম্ভব। সেই হিসাবেই উদ্ধার হওয়া ৪০৫ টন রাসায়নিক দিয়ে প্রায় ১০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরির সম্ভাবনার কথা বলা হচ্ছে। এই রাসায়নিক রকেটের প্রপেল্যান্ট এবং বিস্ফোরক তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।

ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেন?

বাংলাদেশের সঙ্গে চিনের প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জাম সংক্রান্ত সম্পর্ক দীর্ঘদিনের। অন্যদিকে পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক ও প্রতিরক্ষা যোগাযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। ফলে চিন থেকে বাংলাদেশগামী বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরির উপযোগী রাসায়নিক উদ্ধারের ঘটনা ভারতের নিরাপত্তা মহলের নজর কাড়তে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় চিন-পাকিস্তান ঘনিষ্ঠতা এবং বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের সমীকরণ নতুন করে আলোচনায় আসতে পারে।

তবে এই রাসায়নিক ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য পাঠানো হচ্ছিল, কিংবা চিন-পাকিস্তানের যৌথ কোনও সামরিক পরিকল্পনার অংশ ছিল, এমন কোনও প্রমাণ এখনও সামনে আসেনি। বাংলাদেশের মংলা বন্দরের কাস্টমস কর্তৃপক্ষও জাহাজটির পণ্য সংক্রান্ত আমদানি নথি পাওয়ার কথা জানায়নি বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন। ফলে পণ্যগুলির প্রকৃত মালিক, আমদানিকারক এবং গন্তব্য নিয়ে তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাহাজের ক্যাপ্টেন ও নাবিকদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের ফল কী হয়, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।