
Meloni Congratulates Modi: ভার্চুয়ালি ফিরল মেলোডি মুহূর্ত! নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা ৪ হাজার ৩৯৯ দিন প্রধানমন্ত্রী পদে থেকে তিনি দেশের দীর্ঘতম সময় দায়িত্বে থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন। এই কৃতিত্ব অর্জনের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার এক্স-এ (প্রাক্তন টুইটার) পোস্ট করে মেলোনি লেখেন, "অভিনন্দন নরেন্দ্র মোদীকে, যিনি আজ ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন।"একইসঙ্গে তিনি কয়েক সপ্তাহ আগে রোমে তাঁদের সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন।
টানা ৪৩৯৯ দিন প্রধানমন্ত্রীর দফতর সামলাচ্ছেন মোদী। ছাপিয়ে গিয়েছেন জওহরলাল নেহরুর নজিরও। এই বিষয় নিয়ে মোদীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পুরনো স্মৃতির কথাও তোলেন মেলোনি। ইতালির প্রধানমন্ত্রী জানান, রোমে মোদীর সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠক ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই সফরেই ভারত ও ইতালি 'স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ' বা বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সূচনা করে। তাঁর মতে, এই নতুন অংশীদারিত্ব দুই দেশের পাশাপাশি দুই দেশের নাগরিকদের জন্যও নতুন সুযোগের দ্বার খুলে দেবে। নিজের পোস্টে মেলোনি মোদীর সঙ্গে একটি ছবিও শেয়ার করেন। সম্প্রতি পাঁচ দেশের সফরের শেষ পর্যায়ে ইতালি গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। রোম সফরে দুই রাষ্ট্রনেতার মধ্যে একাধিক বৈঠক ও কূটনৈতিক আলোচনা হয়। শুধু আনুষ্ঠানিক বৈঠকই নয়, তাঁদের একসঙ্গে গাড়িতে সফর করতে এবং রোমের ঐতিহাসিক কলোসিয়াম ঘুরে দেখতে দেখা যায়।
রোম সফরের আরও একটি মুহূর্ত বিশেষভাবে আলোচনায় আসে। প্রধানমন্ত্রী মোদী ইতালির প্রধানমন্ত্রীকে ভারতের জনপ্রিয় পার্লে সংস্থার 'মেলোডি' টফি উপহার দেন। সেই মুহূর্তের ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন মেলোনি। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ''উপহারের জন্য ধন্যবাদ।'' মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরেই মোদি ও মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ঘিরে ‘#Melodi’ হ্যাশট্যাগ জনপ্রিয় হয়ে উঠেছে। টফি উপহারের ঘটনাও সেই আলোচনাকে আরও উসকে দেয়।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর তিনি কেন্দ্রের ক্ষমতায় আসেন। এরপর ২০১৯ সালে দ্বিতীয়বার এবং ২০২৪ সালে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ১০ জুন তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেশের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েন।
মেলোনির অভিনন্দন বার্তা শুধু মোদীর ব্যক্তিগত রাজনৈতিক সাফল্যকেই তুলে ধরেনি, বরং ভারত-ইতালি সম্পর্কের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতারও ইঙ্গিত দিয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন 'স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ'-এর মাধ্যমে সেই সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখছেন কূটনৈতিক মহল।