
Meloni Hindi speech: নরেন্দ্র মোদী- জর্জিয়া মেলোনির মধূর সম্পর্কের আরও একদিক সামনে এল। বন্ধুর দেশের ভাষায় কথা বলে আরেক বন্ধু বোঝালেন তাদের মধ্যে বন্ধুত্ব ঠিক কতটা গভীর। ইতালির রাজধানী রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে হিন্দি প্রবাদ বলে সকলকে চমকে দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মেলোনির হিন্দি বলার সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে মেলোনির মুখে সাবলীল হিন্দি শুনে উচ্ছ্বসিত ভারতীয় নেটিজেনরাও। যৌথ সাংবাদিক বৈঠকে মেলোনি বলেন, "পরিশ্রম হি সফলতা কি কুঞ্জি হ্যায়।"অর্থাৎ, কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। প্রধানমন্ত্রী মোদীর পাশে দাঁড়িয়ে এই মন্তব্য করেন তিনি। ভারত-ইতালি সম্পর্কের ক্রমবর্ধমান গভীরতা এবং দুই দেশের যৌথ উদ্যোগের প্রসঙ্গ তুলেই এই প্রবাদ ব্যবহার করেন ইতালির প্রধানমন্ত্রী।
মেলোনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর ইতালি সফর তাঁর দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই সফরের মাধ্যমে ভারত ও ইতালির সম্পর্কের নতুন অধ্যায় শুরু হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, দুই দেশই নিরন্তর পরিশ্রম, নিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করে তুলছে। বিশেষভাবে "পরিশ্রম" শব্দটিরও প্রশংসা করেন মেলোনি। তিনি জানান, ভারতের সংস্কৃতিতে এই শব্দের বিশেষ গুরুত্ব রয়েছে এবং "পরিশ্রম হি সফলতা কি কুঞ্জি হ্যায়" প্রবাদটি সেই মূল্যবোধকেই তুলে ধরে। বিদেশি রাষ্ট্রনেতার মুখে এমন সাবলীল হিন্দি উচ্চারণ শুনে উপস্থিত অনেকেই হাততালি দেন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসার বন্যা বয়ে যায়।
অনেকেই মন্তব্য করেছেন, কোনও বিদেশি রাষ্ট্রনেতার মুখে এত স্পষ্ট হিন্দি উচ্চারণ সচরাচর শোনা যায় না। কেউ কেউ মজা করে 'Melodi' হ্যাশট্যাগও ব্যবহার করতে শুরু করেছেন, যা প্রধানমন্ত্রী মোদী এবং মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের সাংস্কৃতিক সংযোগ দুই দেশের মানুষের মধ্যে আরও ঘনিষ্ঠতা তৈরি করে। আর সেই কারণেই মেলোনির এই ছোট্ট হিন্দি উক্তি কূটনৈতিক সফরের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে উঠেছে।
মোদী, মেলোডি, মেলোনিতে একাকার সোশ্য়াল মিডিয়া
ইউরোপ সফরে গিয়ে এক অভিনব উপহার দিয়ে আলোচনায় এলেন প্রধানমন্ত্রী মোদী। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি-র হাতে তিনি তুলে দেন জনপ্রিয় 'মেলোডি' টফি। সেই মুহূর্তের ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সৌজন্য সাক্ষাতের সময় হাসিমুখে মেলোনির হাতে টফির প্যাকেট তুলে দিচ্ছেন মোদী। আর এই উপহারের নাম ঘিরেই নেটদুনিয়ায় তৈরি হয়েছে মজার প্রতিক্রিয়া। কারণ, অনেকেই দীর্ঘদিন ধরেই মোদী ও মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে 'মেলোডি' নামে উল্লেখ করে থাকেন।