
মায়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউ মিন আং হ্লাইং চার দিনের সরকারি সফরে ভারতে আসছেন। আগামী ৩০ মে থেকে ৩ জুন, ২০২৬ পর্যন্ত তিনি ভারতে থাকবেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন এবং বিহারের বোধগয়াতেও যাবেন। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক (MEA) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণেই ভারতে আসছেন হ্লাইং। প্রেসিডেন্ট হিসেবে এটাই তাঁর প্রথম ভারত সফর। তাঁর সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলও আসছে, যেখানে মায়ানমারের ক্যাবিনেট মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং ব্যবসায়ীরা থাকবেন।
এর আগে ১ জুন ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (IBCA) সামিটে যোগ দেওয়ার কথা ছিল মায়ানমারের প্রেসিডেন্টের। কিন্তু আফ্রিকার কয়েকটি দেশে ইবোলা ছড়িয়ে পড়ায় চতুর্থ ভারত-আফ্রিকা ফোরাম সামিট পিছিয়ে দেওয়া হয়। ওই সামিটের সঙ্গেই IBCA সামিট হওয়ার কথা ছিল। তাই সেটিও স্থগিত হয়ে যায়। এরপরই তাঁর সরকারি সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, "মায়ানমার প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, মহামান্য ইউ মিন আং হ্লাইং, এখন ৩০ মে থেকে ৩ জুন ২০২৬ পর্যন্ত ভারতে সরকারি সফরে আসছেন।" সফরসূচি অনুযায়ী, ১ জুন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন হ্লাইং। দুই দেশের ঐতিহাসিক এবং সভ্যতার সম্পর্ক আরও মজবুত করা নিয়েই মূলত আলোচনা হবে। এছাড়াও তিনি একটি বিজনেস ফোরামেও যোগ দেবেন। ৩০ মে তিনি যাবেন বৌদ্ধদের পবিত্র তীর্থক্ষেত্র বোধগয়ায়। এরপর ২ জুন মায়ানমারের প্রেসিডেন্ট মুম্বই যাবেন। সেখানে শিল্প ও বাণিজ্য জগতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন।
বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতের 'Neighbourhood First', 'Act East' এবং 'MAHASAGAR' নীতিতে মায়ানমার একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এই সফরের ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত এপ্রিলে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং মায়ানমারে গিয়েছিলেন প্রেসিডেন্ট ইউ মিন আং হ্লাইং-এর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে। সেই সময় তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ভারতের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন এবং প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী মোদীর পাঠানো শুভেচ্ছাপত্রও তুলে দেন।