
ইউনিভার্সিটি অফ মিসৌরির বিজ্ঞানীরা পানীয় জল থেকে মাইক্রোপ্লাস্টিক দূর করার জন্য একটি দারুণ কৌশল তৈরি করছেন। এর জন্য তাঁরা জেনেটিক্যালি মডিফায়েড শ্যাওলা ব্যবহার করছেন। এই প্রকল্পের নেতৃত্বে রয়েছেন সেখানকার কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক সুসি ডাই। তাঁদের গবেষণার ফলাফল "Remediation and upcycling of microplastics by algae" শিরোনামে নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত হয়েছে।
মাইক্রোপ্লাস্টিক হল প্লাস্টিকের অতি সূক্ষ্ম কণা, যা এখন পরিবেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। নদী, হ্রদ, পুকুর, এমনকি আমরা যে মাছ খাই, তার মধ্যেও এটি পাওয়া যাচ্ছে। ডাই-এর মতে, বেশিরভাগ জল শোধনাগার শুধুমাত্র বড় আকারের প্লাস্টিকই ফিল্টার করতে পারে। ছোট কণাগুলো সহজেই সেই ফিল্টার গলে বেরিয়ে যায় এবং পানীয় জল ও প্রাকৃতিক পরিবেশে মিশে দূষণ ছড়ায়।
ডাই ও তাঁর টিম গবেষণাগারে এমন এক ধরনের শ্যাওলা তৈরি করেছেন, যা জেনেটিক্যালি বদলানোর ফলে 'লাইমোনিন' (limonene) নামে একটি প্রাকৃতিক তেল তৈরি করতে পারে। এই তেলের নাম শুনলে কমলার গন্ধের কথা মনে আসে। লাইমোনিন শ্যাওলার উপরিভাগকে জল-বিকর্ষী বা ওয়াটার-রিপেলেন্ট করে তোলে।
যেহেতু মাইক্রোপ্লাস্টিকও জল থেকে দূরে থাকতে চায়, তাই দূষিত জলে এই শ্যাওলা মেশালে প্লাস্টিকের কণাগুলো স্বাভাবিকভাবেই শ্যাওলার গায়ে এসে আটকে যায়। এরপর শ্যাওলা ও প্লাস্টিক একসঙ্গে জুড়ে গিয়ে ঘন দলা তৈরি করে এবং জলের নীচে থিতিয়ে পড়ে। এই পুরু স্তরটি খুব সহজেই জল থেকে সংগ্রহ করে আলাদা করে ফেলা যায়।
এই জেনেটিক্যালি মডিফায়েড শ্যাওলা দূষিত জলেও ভালোভাবে বেড়ে উঠতে পারে। সেখানে এটি অতিরিক্ত পুষ্টি শোষণ করে জলকে আরও বিশুদ্ধ করতে সাহায্য করে। গবেষকরা মনে করছেন, এই একটি প্রক্রিয়ার মাধ্যমে একই সঙ্গে একাধিক পরিবেশগত সমস্যার সমাধান করা সম্ভব।
ডাই জানিয়েছেন, তাঁদের দীর্ঘমেয়াদী লক্ষ্য শুধু জল থেকে মাইক্রোপ্লাস্টিক অপসারণ করাই নয়, বরং উদ্ধার করা প্লাস্টিককে রিসাইকেল করে কম্পোজিট প্লাস্টিক ফিল্মের মতো নিরাপদ বায়োপ্লাস্টিক তৈরি করা। তাঁদের আশা, এই প্রযুক্তিকে বর্তমান জল শোধনাগারগুলিতে অন্তর্ভুক্ত করা গেলে জল পরিষ্কার করার ব্যবস্থা আরও উন্নত হবে এবং দূষণ আরও কার্যকরভাবে কমানো যাবে।
তাঁদের ল্যাবে ইতিমধ্যেই শ্যাওলা উৎপাদনের জন্য বড় বায়োরিয়্যাক্টর ব্যবহার করা হয়। এরকমই একটি ১০০-লিটারের সিস্টেমের নাম দেওয়া হয়েছে 'শ্রেক' (Shrek), যা বর্তমানে দূষণ কমানোর উদ্যোগের অংশ হিসেবে ইন্ডাস্ট্রিয়াল ফ্লু গ্যাস প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত হচ্ছে। গবেষকরা এখন আরও বড় আকারের যন্ত্র তৈরির পরিকল্পনা করছেন, যা বর্জ্য জল শোধন এবং অন্যান্য ক্ষতিকারক দূষক অপসারণের জন্য ব্যবহার করা যেতে পারে।