
No Death in this Village: পৃথিবীতে অনেক অদ্ভুত আইন আছে, কিন্তু স্পেনের এই আইন সবকিছুকে ছাপিয়ে যায়। দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া প্রদেশের গ্রানাডা জেলার ছোট্ট গ্রাম *লানজারন (Lanjarón)*। প্রায় ৪,০০০ মানুষের বাস। তারই মধ্যে ১৯৯৯ সালে জারি হয়েছিল এক হাস্যকর অথচ বাস্তব নির্দেশিকা - *"লানজারনে মরা নিষিদ্ধ"*।
কোনও দার্শনিক তত্ত্ব নেই এর পিছনে। কারণটা ছিল একেবারে বাস্তব এবং প্রশাসনিক। ১৯৯৯ সালে গ্রামটির একমাত্র কবরস্থান (Cemetery) সম্পূর্ণ ভরে গিয়েছিল। নতুন করে কবর দেওয়ার জায়গা ছিল না। গ্রামের তৎকালীন মেয়র *হোসে রুবিও* বারবার আঞ্চলিক সরকারের কাছে নতুন জমি কেনার এবং কবরস্থান সম্প্রসারণের আবেদন করছিলেন। কিন্তু ফাইল আটকে ছিল লাল ফিতের জটে। অনুমোদন আসছিল না, এদিকে গ্রামে মৃত্যু থেমে নেই। তখন প্রতিবাদের এক অভিনব পথ বেছে নেন মেয়র। তিনি ব্যঙ্গাত্মক ভাবে একটি সরকারি নির্দেশিকা জারি করেন।
নির্দেশিকায় লেখা ছিল: *"It is hereby forbidden to die in Lanjarón"* - অর্থাৎ "এতদ্বারা লানজারনে মৃত্যুবরণ নিষিদ্ধ করা হল"। এবং আরও লেখা ছিল, "টাউন হল নতুন জমির ব্যবস্থা না করা পর্যন্ত সকল বাসিন্দাকে নিজেদের স্বাস্থ্যের চরম যত্ন নিতে হবে যাতে তারা মারা না যান"। মেয়র নিজেই বলেছিলেন, "আমি একজন সামান্য মেয়র। আমার উপরে আছেন ঈশ্বর, যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন"।
এটি কোনও কঠোর আইন ছিল না যে মারা গেলে জেল হবে। এটি ছিল একটি প্রতীকী প্রতিবাদ, একটি PR স্টান্ট। মেয়র চেয়েছিলেন এই খবরটি মিডিয়ায় আসুক এবং সরকার নড়েচড়ে বসুক। হলও তাই। খবরটি সারা স্পেন এবং বিশ্বে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরাও বিষয়টি বেশ মজা করেই নিয়েছিলেন এবং মেনে চলার চেষ্টা করেছিলেন বলে মেয়র জানিয়েছিলেন। মজার বিষয় হল, ২৬ বছর পরেও, অর্থাৎ ২০২৫ সাল পর্যন্তও লানজারনে এখনও সেই একটিই কবরস্থান রয়েছে। আইনটি আজও প্রতীকীভাবে বহাল আছে এবং টিকটকে ভাইরাল হওয়ার পর এটি এখন Gen-Z পর্যটকদের কাছে একটি অদ্ভুত পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। লানজারন এমনিতে তার খনিজ জলের ঝর্ণা এবং স্পা-এর জন্য বিখ্যাত। কিন্তু এখন বিশ্ব তাকে চেনে - যে গ্রামে মরা বারণ!
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।