
বুধবার বাংলাদেশে রাজবাড়ির দৌলতদিয়া টার্মিনালে ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গিয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বেশ কয়েকজন যাত্রীসহ নদীতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ডুবুরি নামানো হয়েছে। ঢাকা থেকে অতিরিক্ত কর্মী পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। যাদের মধ্যে পাঁচ থেকে সাতজন নিজেরাই তীরে পৌঁছন এবং অন্তত দুজনকে স্থানীয়রা উদ্ধার করেন।
বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। ঢাকার উদ্দেশে বাসটির ছাড়ার সময় মাত্র ছয়জন যাত্রী ছিলেন। এরপর একে একে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানো হয়। সব মিলিয়ে বাসটি কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন বলে কাউন্টার মাস্টার জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযানে যোগ দিলেও নদীর প্রবল স্রোত ও গভীরতার কারণে উদ্ধার তৎপরতা কিছুটা ব্যাহত হচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টার্মিনালে উৎসুক জনতার ভিড় জমে যায়, যা সাময়িকভাবে উদ্ধারকাজে বিঘ্ন সৃষ্টি করে। যান্ত্রিক ত্রুটি কিংবা ফেরিতে ওঠার সময় সতর্কতার অভাবের কারণেই এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রথম আলো জানিয়েছে, বিকেল পাঁচটার কিছু পর সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে আসে। এ সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় পরের ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। সোয়া পাঁচটার দিকে ওই ঘাটে 'হাসনা হেনা' নামক একটি ইউটিলিটি (ছোট) ফেরি এসে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।
একটি ভিডিও ক্লিপে দেখা যায়, বাসটি পন্টুনে দাঁড়িয়ে ফেরিতে ওঠার অপেক্ষা করছিল, এমন সময় হঠাৎ করেই সেটি নদীতে পিছলে পড়ে যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, আশপাশের লোকজন এবং ফেরির যাত্রীরা সাহায্যের জন্য ছুটে আসছেন এবং যারা সাঁতরে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাঁদের দিকে দড়ি ছুঁড়ে দিচ্ছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানিয়েছে, সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর প্রায় ৩০ ফুট গভীরে তলিয়ে গিয়েছে।