
Rahul John Aju: বয়স তখন মাত্র ৯ বছর। নিছক কৌতূহল আর নতুন কিছু তৈরির নেশায় বাড়ির বাথরুমে বসে প্রথম ভিডিও বানিয়েছিলেন তিনি। আর ১৭ বছর বয়সে সেই কিশোরই সোজা মস্কোর 'AI জার্নি ২০২৬' সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেলফি তুলে তাক লাগিয়ে দিলেন গোটা বিশ্বকে! কেরলের সেই বিস্ময়-বালক রাহুল জন অজু, যাঁকে এখন গোটা দেশ চেনে ভারতের 'AI কিড' নামে। পুতিনের সঙ্গে তোলা সেই ছবি ও ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করে রাহুল নিজেই লিখেছেন, বাথরুমে ভিডিয়ো বানানো থেকে শুরু করে পুতিনের সঙ্গে সেলফি, জীবন তাঁকে যে এই জায়গায় এনে দাঁড় করাবে, তা তিনি দুঃস্বপ্নেও ভাবেননি।
তবে শুধু সাফল্যের শিখরে পৌঁছনোই নয়, এই দীর্ঘ সফর তাঁকে মানুষ হিসেবে কতটা বদলে দিয়েছে, তা নিয়েই বেশি কৃতজ্ঞ এই তরুণ উদ্ভাবক। মস্কোর সম্মেলনে বিশ্বের তাবড় প্রযুক্তিবিদদের সঙ্গে মিশে তিনি উপলব্ধি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দুনিয়ায় তাঁর এখনও অনেক কিছু শেখা বাকি। পাশাপাশি এই সাফল্যের নেপথ্যে মা-বাবা, বন্ধু এবং ‘এআই জার্নি’ টিমের অবদানের কথাও অকপটে স্বীকার করেছেন তিনি।
কেরলের নর্থ এডাপল্লি গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণির কমার্সের ছাত্র রাহুল ইতিমধ্যেই নিজের প্রযুক্তি সংস্থা 'এআইরিয়েলম টেকনোলজিস' (AIRealm Technologies) গড়ে তুলেছেন, যেখানে তিনি নিজেই প্রতিষ্ঠাতা এবং চিফ টেকনোলজি অফিসার। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, ছেলের এই স্টার্টআপে কাজ করেন খোদ তাঁর বাবা, যিনি মাসে প্রায় দু’লক্ষ টাকা বেতন পান! নিজের সংস্থার মাধ্যমে রাহুল ইতিমধ্যেই প্রায় ১৫টি এআই টুল তৈরি করেছেন এবং প্রায় পাঁচ লক্ষ মানুষকে এআই নিয়ে প্রশিক্ষণও দিয়েছেন। তাঁর তৈরি প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল 'জাস্টিজ' (JustEase), যা কেরল সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি, জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই প্ল্যাটফর্ম। এ ছাড়াও আইনি সহায়তা ও জরুরি পরামর্শ দেওয়ার জন্য ‘রেসকিউ এআই’ (Rescue AI)-এর মতো গুরুত্বপূর্ণ প্রজেক্টেও কাজ করেছেন তিনি।
আন্তর্জাতিক মঞ্চে রাহুলের এই উড়ান অবশ্য নতুন নয়। এর আগে ২০২৬ সালেই দিল্লিতে আয়োজিত 'ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট'-এ যোগ দিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও দেখা করেছিলেন তিনি এবং এআই যুগে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করেছিলেন। ৯ বছর বয়সে শখের বসে ভিডিয়ো বানানো থেকে শুরু করে আজকের সফল উদ্যোগপতি হয়ে ওঠা,রাহুলের এই গোটা যাত্রাপথটাই যেন রূপকথার মতো। নিজের পোস্টের শেষে রাহুল লিখেছেন, তিনি আজও সেই কৌতূহলী বাচ্চা ছেলেটাই আছেন, শুধু ঝুলিতে জমেছে আরও কিছু নতুন গল্প। পুতিনের সঙ্গে সাক্ষাৎ তাঁর সেই গল্পের বইয়ে নিঃসন্দেহে এক সোনালি অধ্যায় যোগ করল।