
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মায়ানমার। সাত বছর পরে বিচারপ্রক্রিয়ার পর বৃহস্পতিবার এই রায় দিল রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)। অর্থাৎ আন্তর্জাতিক আদালত রোহিঙ্গাদের ওপর হত্যার দায় কাঠকড়ায় দাঁড় করিয়েছে মায়ানমার- গোটা রাষ্ট্রকেই। আন্তর্জাতিক আদালতের বিচারপতি ইউজি আইওয়াসাওয়া জানান ৯-৬ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে এসেছেন, যে উত্তর রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মায়ানমার। এই প্রথম আন্তর্জাতিক আদালত কোনও দেশকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করল।
রায় ঘোষণার সময় বিচারক বলেন, ২০১৭ সালের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে মায়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তারা নজিরবিহীনভাবে যৌন হিংসা চালিয়েছিল। শিশুদেরও রেয়াত করা হয়নি। বাধ্য হয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায়। সেই সময়েই রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও হামলা চালান হয়েছিল। ‘মায়ানমারের সেনাবাহিনী পরিকল্পিত ভাবে রোহিঙ্গা সংখ্যালঘুদের নির্মূল করার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বিচারক বলেছেন,'মায়ানমারের সেনাবাহিনী পরিকল্পিত ভাবে রোহিঙ্গা সংখ্যালঘুদের নির্মূল করার কর্মসূচি চালিয়ে যাচ্ছে।' আগেই রোহিঙ্গা মুসলিমদের রক্ষা করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল মায়ানমার সেনা-জুন্টার সরকারকে। কিন্তু তা-ও পালিত হয়নি বলে অভিযোগ ওঠে।
২০১৭ সাল থেকে বেশ কয়েক দফায় রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার অভিযোগ উঠেছে মায়ানমার সেনার বিরুদ্ধে। সেই সময় মায়ানমারের গণতন্ত্রকামী নেত্রী আউং সান সু চি-র দল ন্যাশানাল লিগ ফর ডেমোক্রেসি ক্ষমতায় ছিল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থান হয়। তারপর থেকেই সু চি-সহ মায়ানমারের অধিকাংশ নির্বাচিত জনপ্রতিনিধি গৃহবন্দি হন। অনেকে আবার দেশ ছেড়ে পালান। জুন্টা জামানাতেও রোহিঙ্গাদের ওপর ধারাবাহিক নির্যাতন চালান হয়েছিল। কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী শিবিরগুলিতে রয়েছে।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার গাম্বিয়ার করা অভিযোগের ভিত্তিতে মায়ানমার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছিল। তাতেই এই শুনানি। গাম্বিয়ার কথা অভিযোগকে সমর্থন করেছিল বিশ্বের ৫৭টি মুসলিম দেশ। যদিও জুন্টা সরকার আন্তর্জাতিক আদালতে দাবি করেছিল, রোহিঙ্গা বা অন্য কোনও জনগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান হয়নি। অভিযান হয়েছে, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে। মায়ানমারের মন্ত্রী কো কো হ্লাইং স্বয়ং নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আইসিজে শুনানিতে হাজির হয়ে বলেছিলেন, 'আমাদের প্রত্যাশা এই মামলার রায় প্রমাণিত তথ্যের ভিত্তিতেই হবে, ভিত্তিহীন অভিযোগের উপর নয়। আবেগপ্রবণ ভাষা ও অস্পষ্ট কাল্পনিক চিত্র কখনওই সঠিক তথ্যপ্রমাণ উপস্থাপনের বিকল্প হতে পারে না।'