
Khamenei Funeral: ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যে সম্ভবত থাকছেন না তাঁর ছেলে তথা বর্তমান সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই। সূত্রের খবর, নিরাপত্তার কারণেই বাবার শেষযাত্রায় সামিল না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতোল্লা হাকিম ইলাহি সংবাদ সংস্থা এএনআই-কে এই খবর নিশ্চিত করেছেন। ইলাহি জানিয়েছেন, ইজরায়েলের হুমকি এবং নজরদারির আশঙ্কার মধ্যে প্রকাশ্যে আসাটা বিপজ্জনক হতে পারে, তাই এই সিদ্ধান্ত।
ইরান, ইজরায়েল এবং আমেরিকার মধ্যে যখন চরম উত্তেজনা চলছে, ঠিক সেই সময়েই আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাটজ নাকি বলেছিলেন যে মোজতাবা খামেনেই তাঁদের 'হিট লিস্ট'-এ রয়েছেন। এই খবরের পরেই ইরানের বিদেশমন্ত্রী সঈদ আব্বাস আরাঘচি আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দেন। আরাঘচি সাফ জানিয়ে দেন, ইরানের নেতৃত্বের বিরুদ্ধে কোনও রকম হুমকি দেওয়া হলে তার ফল ভুগতে হবে এবং সঙ্গে সঙ্গে তার জবাব দেওয়া হবে।
এই বছর ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতোল্লা আলি খামেনেই। টানা ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ নেতার পদে ছিলেন। ওই একই হামলায় মোজতাবা খামেনেইয়ের স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেলও মারা যান। কিন্তু তখনও স্ত্রীর শেষকৃত্যে যোগ দেননি মোজতাবা।
নিহত হওয়ার বেশ কয়েক মাস পর আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতে চলেছে। ইরান ও ইরাক জুড়ে পাঁচ দিন ধরে চলবে এই অনুষ্ঠান, যা শুরু হবে ৪ জুলাই। ৯ জুলাই উত্তর-পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে ইমাম রেজার সমাধিক্ষেত্রে তাঁকে কবর দেওয়া হবে। মাশহাদ খামেনেইয়ের জন্মস্থানও বটে। ইরান সরকারের আশা, বিদেশি প্রতিনিধি-সহ লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন। শেষকৃত্যের আগে খামেনেইয়ের ছবি দেওয়া বিশাল হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে গোটা দেশ।
In an unannounced event, the coffin carrying the body of the martyred leader Ayatollah Khamenei was brought to the site of his martyrdom.#Revenge pic.twitter.com/ejWhaZ2Y1m
— IRIB (Islamic Republic of Iran Broadcasting) (@iribnews_irib) July 2, 2026
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।