Pakistan Crisis: ভর্তুকিযুক্ত গম সরবরাহ এবং আটার দাম নিয়ে সিন্ধু প্রদেশের খাদ্য বণ্টন ব্যবস্থায় বড়সড় ফাঁকফোকর দেখা দিয়েছে। পর্যাপ্ত গম বরাদ্দ না হওয়া এবং প্রশাসনিক গাফিলতির প্রতিবাদে হায়দ্রাবাদের আটা মিল মালিকরা ধর্মঘট ঘোষণা করেছেন।
ভর্তুকিযুক্ত গম সরবরাহ এবং সরকারের ঠিক করে দেওয়া আটার দাম নিয়ে সিন্ধু প্রদেশের খাদ্য বণ্টন ব্যবস্থায় বড়সড় গলদ সামনে এল। হায়দ্রাবাদের সাধারণ আটা মিল মালিকরা সারা শহর জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন। অপর্যাপ্ত গম বরাদ্দ, প্রশাসনিক হয়রানি এবং দাম ঠিকঠাক কার্যকর না হওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা, দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, আটা চক্কি ওনার্স সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর হায়দ্রাবাদ জুড়ে সমস্ত আটা মিল বন্ধ রাখার ঘোষণা করেছে।
সরকারের 'অন্যায্য' নীতির প্রতিবাদে এই সংগঠনটি আংশিক ধর্মঘটেরও ডাক দিয়েছিল। সিন্ধুর খাদ্য দফতর সাধারণ রোলার-মিল আটার খুচরো দাম ১৪৫ টাকা প্রতি কেজি এবং এক্স-মিল রেট ১৩৮ টাকা নির্ধারণ করেছে। এই নির্দেশিকা ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত গোটা প্রদেশে প্রযোজ্য হবে। তবে সংশোধিত দাম ক্রেতাদের স্বস্তি দিতে খুব একটা কাজে আসেনি।
হায়দ্রাবাদের রোলার ফ্লাওয়ার মিলগুলি ৫,০০০ ইউনিটেরও বেশি সরকারি গম কোটা পাওয়া সত্ত্বেও ভর্তুকিযুক্ত 'ঢাই নম্বর' আটা ১৭৫ টাকা প্রতি কেজিতে বিক্রি করছিল বলে অভিযোগ। সরকারি দামে আটা বিক্রির কোনও বিজ্ঞপ্তি কোনও মিলই ঝোলায়নি, আর কর্তৃপক্ষও এই নিয়ম ভাঙার বিরুদ্ধে তেমন কোনও ব্যবস্থা নেয়নি। এদিকে খোলা বাজারে ১০০ কেজি গমের বস্তার দাম ২০০ টাকা কমে ১৫,৪০০ টাকা হওয়া সত্ত্বেও সাধারণ চক্কির আটার দাম এখনও অনেকটাই বেশি, প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা।
চক্কি মালিকরা ভর্তুকিযুক্ত গমের বরাদ্দ বাড়ানোর দাবি জানাচ্ছেন। বর্তমানে প্রতিদিন প্রতিটি পেষাই কলের জন্য তা ৬০ কেজিতে আটকে রয়েছে। এছাড়া তাঁদের প্রক্রিয়াকরণ খরচ পর্যালোচনার দাবিও উঠেছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, সরকার রোলার মিলগুলোর প্রক্রিয়াকরণ খরচের ভাতা প্রতি কেজিতে ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৬ টাকা করার পর চক্কি মালিকদের দাবি আরও জোরদার হয়েছে।
ডেপুটি কমিশনার জাইন-উল-আবিদিন মেমনের সভাপতিত্বে হওয়া এক বৈঠকে আধিকারিকরা ব্যক্তিগত চক্কিগুলোর দৈনিক পেষাই ক্ষমতা এবং সরকারি গম বরাদ্দের মধ্যে ফারাক স্বীকার করে নিয়েছেন। ডেপুটি কমিশনার জেলা খাদ্য নিয়ন্ত্রককে খাদ্য সচিবের কাছে কোটা বাড়ানোর সুপারিশ করার নির্দেশ দিয়েছেন। তবে কোনও ঐকমত্যে পৌঁছানো যায়নি, দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে।











