
ভারতের বিরুদ্ধে একাধিক ভয়াবহ জঙ্গি হামলার সঙ্গে যুক্ত দুই কুখ্যাত জঙ্গি নেতা। তাদের নিরাপত্তা নিয়েই এবার চরম উদ্বেগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI! গোয়েন্দা সূত্রের দাবি, লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদ এবং জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে পুরনো ডেরা থেকে সরিয়ে পাকিস্তানের দুটি গোপন ও কড়া নিরাপত্তায় মোড়া আস্তানায় নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কা, নতুন করে ভারতের সামরিক অভিযান এবং অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হামলার ভয়েই এই পদক্ষেপ।
হাফিজ সইদকে লাহোরের জোহর টাউন এলাকা থেকে সরিয়ে রাওয়ালপিন্ডির গ্যারিসন গ্রাউন্ড এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। এই এলাকা পাকিস্তানের সেনা সদর দফতরের কাছাকাছি। গোয়েন্দা সূত্রের দাবি, সেখানে ISI-এর নিয়ন্ত্রণে থাকা অত্যন্ত সুরক্ষিত আস্তানায় রাখা হয়েছে তাকে। শুধু তাই নয়, লস্করের সদস্যদের সঙ্গে সরাসরি দেখা করাও বন্ধ করেছে হাফিজ। এখন মূলত অডিও বার্তার মাধ্যমে সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে সে। তার গতিবিধির উপরেও কড়া নজরদারি চালানো হচ্ছে বলে দাবি।
অন্যদিকে, জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে সরানো হয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশের নওয়াবশাহ এলাকায়। সেখানেও তাকে একটি নিরাপদ আস্তানায় রাখা হয়েছে বলে গোয়েন্দা সূত্রের দাবি। সংগঠনের সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ কমিয়ে দিয়েছে মাসুদ। এখন কেবল কয়েকজন বাছাই করা সহযোগী এবং শীর্ষ কমান্ডারের সঙ্গে যোগাযোগ রাখছে সে।
গোয়েন্দা সূত্রের দাবি, অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে ভারতের সামরিক অভিযানের আশঙ্কার পাশাপাশি পাকিস্তানে গত কয়েক মাসে একাধিক ভারতবিরোধী জঙ্গির রহস্যজনক হত্যাকাণ্ডও ISI-এর উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে দুই জঙ্গি নেতার নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে বলে দাবি।
পাকিস্তানের সরকারি দাবি, সন্ত্রাসবাদে অর্থ জোগানের মামলায় লাহোরের কোট লাখপত জেলে সাজা কাটাচ্ছে হাফিজ সইদ। তবে গোয়েন্দা সূত্রের দাবি, বাস্তবে সে জেলে নেই। বরং ISI-এর নিরাপত্তায় গোপন আস্তানায় রয়েছে। উল্লেখ্য, ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত হাফিজ সইদ এবং পুলওয়ামা, পাঠানকোট ও সংসদ হামলার সঙ্গে যুক্ত মাসুদ আজহার—দু'জনকেই রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে।