
ইরানকে সাহায্য করলেই কঠোর আর্থিক জরিমানা দিতে হবে সাহায্যকারী দেশগুলিকে। রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অর্থসচিব, স্কট বেসেন্ট জানিয়েছেন, সোমবার এই বিষয়ে বড় ঘোষণা করতে পারেন মার্কিন রাষ্ট্রপতি। ইরানকে চাপে রাখতেই বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই বিষয়েও সোমবার ঘোষণা হতে পারে। অন্যদিকে ট্রাম্পের এই হুঁশিয়ারির পরেই পাল্টা তোপ দেগেছে ইরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে লাইফলাইন দিচ্ছে , এমন কোনও দেশের কথা জানতে পারলেই তিনি দ্রুত পদক্ষেপ করবেন। সংশ্লিষ্ট দেশখএ তাদের কৃতকর্মের ফল ভুগতে হবে। ট্রাম্প জানিয়েছেন, ইরানকে সাহায্য করলেই সেই দেশের ওপর আর্থিক জরিমানা চালিয়ে দেবে মার্কিন প্রশাসন। এরপরই স্কট বেসেন্ট জানান যে ইরানকে সাহায্যকারী দেশের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হবে তা বিস্তারিত জানানো হবে সোমবার।
এর আগে রাশিয়া থেকে জ্বালানি কিনে ভারত পরোক্ষভাবে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সাহায্য করেছিল। তেমনই দাবি করে মার্কিন প্রশাসন ভারতের ওপর চড়া হারে শুল্ক বসিয়েছিল। এবার ইরানের ক্ষেত্রেও তেমনই পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন। প্রশাসন সূত্রের খবর, ট্রাম্প ইরানকে সাহায্যকারী দেশগুলির ওপর শুল্ক বা আর্থিক জরিমানা চাপানোর ব্লুপ্রিন্ট প্রায় তৈরি করে ফেলেছে।
অন্যদিকে মার্কিন এই হুঁশিয়ারির পরেই পাল্টা তোপ দেগেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানান হয়েছে, যে কোনও হুমকির মুখে দাঁড়িয়ে কড়া জবাব দিতে তারা তৈরি। প্রস্তুত রয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলি আব্দোল্লাহি বলেন, 'স্থল, জল, আকাশ- প্রতিরক্ষ ও সাইবার- সব ক্ষেত্রেই ইরান প্রস্তুত। শত্রুর নতুন হুমকির বিরুদ্ধে আমরা কঠোর , শাস্তিমূলক ও ধ্বংসাত্মক জবাব দেবো।'