
রাষ্ট্রসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) ৩১তম কনফারেন্স অফ পার্টিজ (কপ৩১)-এর আলোচনা কোনো ঐকমত্য ছাড়াই ভেস্তে গেছে। দু'সপ্তাহ ধরে চলা এই বৈঠক শেষমেশ ব্যর্থতায় পর্যবসিত হয়।
সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের মূল কারণ জীবাশ্ম জ্বালানি নিয়েই আলোচনা ভেস্তে যায়। তারা আরও জানিয়েছে যে কপ৩১, যা সপ্তাহান্তে অতিরিক্ত সময় ধরে চলেছিল, এখন "ইতিহাসের দীর্ঘতম কপ এবং ২০০৯ সালে কোপেনহেগেনে কপ১৫-এর পর প্রথম বড় ব্যর্থতা" হওয়ার সন্দেহজনক তকমা পেয়েছে।
"আমি গভীরভাবে হতাশ যে #COP31 কোনো চূড়ান্ত ফলাফলের ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে," রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক্স-এ পোস্ট করেছেন। তিনি আরও বলেন, যাঁরা আশা করেছিলেন সরকারগুলি জলবায়ু সংকটের মোকাবিলায় সঠিক পদক্ষেপ নেবে, তাঁদের গভীর হতাশার সঙ্গে তিনি সহমত। "তবে এই ধাক্কা আসল সত্যকে বদলাতে পারে না। আলোচনার ঘরে হয়তো কোনো ঐকমত্য হয়নি, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে কোনো অস্পষ্টতা নেই। COP31-এর বার্তা খুব স্পষ্ট: জলবায়ু সংকটের মোকাবিলায় বিশ্বকে আরও অনেক কিছু করতে হবে। এবং তা এখনই করতে হবে,"
তুরস্কের পরিবেশ, নগরোন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী তথা কপ৩১-এর সভাপতি মুরাত কুরুমও এই সমাপ্তি নিয়ে পোস্ট করেছেন। "প্রেসিডেন্সি হিসেবে আমরা প্রথম দিন থেকেই ফলাফলের দিকে নজর রেখে কাজ করেছি। একটা শব্দের জন্য আটকে থেকে প্রক্রিয়াটা ঝুলিয়ে রাখার মানে হলো, যাঁরা আমাদের থেকে ভালো খবরের আশা করছিলেন, তাঁদের আশায় জল ঢেলে দেওয়া। যে ব্যবস্থা সিদ্ধান্ত নিতে পারে না, তা কারও উপকারে আসে না। আমরা যদি আন্তরিকতার কথা বলি, তবে আমাদের সবাইকে সেই অনুযায়ী কাজ করতে হবে এবং আমাদের যৌথ লক্ষ্য পূরণের দিকে একসঙ্গে এগোতে হবে," তিনি লিখেছেন।
ইউরোপিয়ান ক্লাইমেট ফাউন্ডেশনের প্রধান লরেন্স তুবিয়ানা এক্স-এ পোস্ট করেছেন, "যেসব দেশ ইতিমধ্যেই গুরুতর জলবায়ুর ক্ষতির সম্মুখীন হচ্ছে - এবং যারা চরম পরিস্থিতির মুখোমুখি - তাদের জন্য এটি কাজ করার সংকল্প দেখানোর একটি হাতছাড়া হওয়া সুযোগ।"
অন্যদিকে, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (CAN), যা ১৪০টিরও বেশি দেশে ২০০০টি সুশীল সমাজ গোষ্ঠীর একটি নেটওয়ার্ক এবং জলবায়ু সংকটের বিরুদ্ধে একসঙ্গে লড়ছে, আলোচনা ভেস্তে যাওয়ায় হতাশা প্রকাশ করেছে। "কপ৩১ এমন এক সময়ে শেষ হলো যখন জলবায়ু ধ্বংস, গণহত্যা, যুদ্ধ এবং গভীরতর বৈষম্য বাড়ছে। সরকারগুলোর কাছে সুযোগ ছিল এটা দেখানোর যে আন্তর্জাতিক সহযোগিতা এখনও মানুষের কাজে আসতে পারে। তার বদলে, বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলো দু'সপ্তাহ কাটিয়ে দিল এমন প্রতিশ্রুতিগুলো নষ্ট করতে, যা সুরক্ষার কিছুটা আশা জাগিয়েছিল," একটি বিবৃতিতে ক্যান জানিয়েছে।
"ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে উন্নত দেশগুলো প্রতিটি গুরুত্বপূর্ণ আলোচনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ইমপ্লিমেন্টেশন কপ হয়ে উঠেছিল সরকারগুলোর করা প্রতিশ্রুতি রক্ষার এক যুদ্ধ। পাশাপাশি, তুরস্ক এবং অস্ট্রেলিয়ার প্রেসিডেন্সি তাদের দায়িত্ব গুরুত্বের সঙ্গে নিতে বা প্রয়োজনীয় নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে," বিবৃতিতে বলা হয়েছে। "তারা নিজেদের খেয়ালখুশিমতো প্রকল্প চালিয়েছে, আলোচনাকে অর্থবহ ফলাফলের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব অবহেলা করেছে এবং কর্পোরেট স্বার্থকে আলোচনার দখল নিতে দিয়েছে। প্রি-কপ-এ ঘোষিত এবং প্রথম সপ্তাহে আনা তাদের ছড়ানো-ছিটানো সিদ্ধান্ত মূল আলোচনা থেকে রাজনৈতিক মনোযোগ সরিয়ে দিয়েছে, পাশাপাশি কার্বন ক্যাপচার এবং কার্বন ডাই অক্সাইড অপসারণের পথ খুলে দিয়েছে," বিবৃতিতে আরও বলা হয়েছে।