
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটি জাকারিয়ার প্রথম হোয়াইট হাউস সাংবাদিক বৈঠক ঘিরে শুরু হয়েছে চর্চা। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কথার ভুলে ট্রাম্পকে নিজের স্বামী বলে বসেন তিনি। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তা সামাল দেওয়ার চেষ্টা করেন কেটি। তাঁর সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল। মঙ্গলবার প্রথমবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কেটি জাকারিয়া। শুরুতেই তিনি ট্রাম্পের প্রশংসা করেন। জানান, প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত এবং দীর্ঘদিন ধরেই ট্রাম্পের হয়ে কাজ করতে চেয়েছিলেন। এরপর সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে ঘটে মজার ঘটনাটি। চার সন্তানের মা কেটিকে প্রশ্ন করা হয়, হোয়াইট হাউসের মতো ব্যস্ত দায়িত্ব সামলে কীভাবে সন্তানদের সময় দেবেন তিনি।
উত্তরে নিজের স্বামীর প্রসঙ্গ তোলেন কেটি। সন্তানদের সঙ্গে সন্ধ্যার সময় কাটাতে না পারা তাঁর কাছে একেবারেই গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। সেই সময় কথার মধ্যে গুলিয়ে ফেলেন প্রেসিডেন্ট ও স্বামীর পরিচয়। কেটি বলে বসেন, “আমার প্রেসিডেন্ট… দুঃখিত, আমার স্বামী…”। ভুল বুঝতে পেরেই হেসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। বলেন, “বাহ, এটা তো ভালোই হল!” ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি।
কেটি জাকারিয়ার প্রথম সাংবাদিক বৈঠকও ছিল বেশ সংক্ষিপ্ত। প্রায় ১৪ মিনিটের এই বৈঠকে মাত্র তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। এরপর জানান, প্রেসিডেন্ট ট্রাম্প মেরিন ওয়ানে চড়ে আলাস্কা সফরে যাবেন। সাংবাদিকেরা চাইলে বাইরে গিয়ে তাঁকে প্রশ্ন করতে পারেন। তবে বৈঠক শেষ করার ধরন এবং প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি নিয়ে সমালোচনাও হয়েছে। বৈঠকের বেশির ভাগ সময়ই প্রস্তুত করা বক্তব্য পড়তে দেখা যায় তাঁকে। অন্যদিকে, ট্রাম্প অবশ্য তাঁর নতুন প্রেস সচিবের কাজের প্রশংসা করেছেন। সাংবাদিকদের সামনে তিনি জানান, কেটি খুব ভালো কাজ করেছেন।
কেটি জাকারিয়া দীর্ঘদিন ধরে মার্কিন রিপাবলিকান রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পেপারডাইন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ফক্স নিউজ-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে ট্রাম্পের নীতির পক্ষে বক্তব্য রাখতে দেখা গিয়েছে তাঁকে। ২০২৬ সালে কিছু সময়ের জন্য মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতরের মুখপাত্র হিসেবেও কাজ করেন তিনি। পরে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া সংস্থার সঙ্গে যুক্ত হন। গত ৯ অক্টোবর তাঁকে হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব করার ঘোষণা করেন ট্রাম্প। তিনি করোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়েছেন।