
চিনের হুয়াংগ্যাং বন্দরে বন্যপ্রাণী পাচারের এক আজব ঘটনা সামনে এসেছে। শুল্ক দপ্তরের আধিকারিকরা এমন এক মহিলা যাত্রীকে আটকেছেন, যিনি জামাকাপড়ের নিচে ২১টি জ্যান্ত সাপ লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন। জানা গিয়েছে, ওই তরুণী নিজের মোজার ভেতরে সাপগুলিকে লুকিয়ে রেখেছিলেন। তারপর সেগুলো পায়ের সঙ্গে শক্ত করে বেঁধে ঢিলেঢালা প্যান্ট পরে নিয়েছিলেন। চেকিংয়ের সময় ওই তরুণীর হাঁটাচলা দেখে সন্দেহ হয় আধিকারিকদের। বেশ অস্বাভাবিক লাগছিল তাঁকে। সন্দেহ হওয়ায় শুল্ক দপ্তরের আধিকারিকরা তাঁকে আটকে ভালো করে তল্লাশি চালান। আর তখনই জামাকাপড়ের নিচে লুকিয়ে রাখা সাপগুলো বেরিয়ে পড়ে। এমন অদ্ভুত কায়দায় প্রাণী পাচারের এই ঘটনাটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে।
তল্লাশিতে উদ্ধার ২১টি জ্যান্ত সাপ
শরীর তল্লাশি করার সময় আধিকারিকরা দেখেন, ওই তরুণীর পায়ের সঙ্গে ২১টি জ্যান্ত সাপ বাঁধা রয়েছে। প্যান্টের নিচে সাপগুলোকে এমনভাবে লুকিয়ে রাখা হয়েছিল যাতে বাইরে থেকে কিছুই বোঝা না যায়। সাপগুলো উদ্ধার করার পর পরীক্ষা করে দেখা যায়, এই ২১টি সাপের কোনওটিই চিনের স্থানীয় প্রজাতির নয়। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য নষ্ট হওয়ার আশঙ্কায় চিনে বাইরের প্রজাতির প্রাণী নিয়ে আসার ক্ষেত্রে কড়া নিয়ম রয়েছে। বেআইনিভাবে বন্যপ্রাণী পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি, অচেনা পরিবেশে বাইরের প্রজাতির প্রাণী নিয়ে আসার বিপদ নিয়েও সতর্ক করেছে প্রশাসন।
বন্যপ্রাণী পাচার নিয়ে সতর্ক করল চিনের শুল্ক দপ্তর
চিনের শুল্ক দপ্তর ফের স্পষ্ট করে দিয়েছে যে, সঠিক নথিপত্র ও কোয়ারেন্টাইন পারমিট ছাড়া আন্তর্জাতিক সীমানা পার করে জ্যান্ত প্রাণী ও বাইরের প্রজাতির প্রাণী নিয়ে যাওয়া দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী। পশুর রোগ ছড়ানো আটকাতে এবং ক্ষতিকর প্রজাতির হাত থেকে স্থানীয় পরিবেশকে বাঁচাতেই এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। হুয়াংগ্যাং বন্দরের এই ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, শুল্ক দপ্তরের চোখ এড়াতে পাচারকারীরা কত অদ্ভুত পদ্ধতিই না ব্যবহার করে। ওই যাত্রীর বিরুদ্ধে তদন্ত চলছে। তবে ২১টি জ্যান্ত সাপ উদ্ধারের এই ঘটনা বন্যপ্রাণী পাচার রুখতে গিয়ে সীমান্ত আধিকারিকদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোকেই আবার সামনে আনল।