
Asian Games 2026: এশিয়ান গেমসে আর্চারিতে ভারতের দাপট। চলতি এশিয়ান গেমসের অষ্টম দিনে, আর্চারি টিম ইভেন্টে ভারত রীতিমতো দাপট দেখিয়েছে। পুরুষ ও মহিলাদের রিকার্ভ দল সেমিফাইনালে পৌঁছে গেছে। তার আগেই রিকার্ভ মিক্সড দল এবং পুরুষ ও মহিলাদের কম্পাউন্ড দল শেষ চারে জায়গা করে নিয়েছিল। রিপোর্ট অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে ভারতীয় পুরুষ রিকার্ভ দল ৫-১ ব্যবধানে চিনকে হারিয়ে দিয়েছে (Asian Games 2026)। অন্যদিকে, মহিলাদের দল দুর্দান্ত পারফর্ম করে চাইনিজ তাইপেকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। রবিবারের এই ফলের পর, ভারতের পাঁচটি আর্চারি দলই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। আগামী ২ অক্টোবর, পুরুষ, মহিলা এবং মিক্সড রিকার্ভ দলের সেমিফাইনাল ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। পাশাপাশি কম্পাউন্ড মিক্সড দলের সেমিফাইনাল হবে ৩০ সেপ্টেম্বর। সোমবার থেকে শুরু হবে ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্ট।
দিনের শুরুতে, ধীরাজ বোম্মাদেভারা এবং কুমকুম মোহোদ রিকার্ভ মিক্সড দলের কোয়ার্টার ফাইনালে, ভিয়েতনামকে ৬-০ ব্যবধানে হারিয়ে দিয়েছেন। এর আগে প্রি-কোয়ার্টার ফাইনালে, তাঁরা ইউএই-কে হারিয়ে দিয়েছিলেন। এবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জাপান। কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সাহিল যাদব এবং চিকিথা তানিপার্থি কোয়ার্টার ফাইনালে, কাজাখস্তানকে ১৫৯-১৫৪ স্কোরে হারিয়েছেন। রাউন্ড অফ ১৬-এ তাঁরা মঙ্গোলিয়াকে হারিয়েছিলেন। সেমিফাইনালে তারা থাইল্যান্ডের মুখোমুখি হবেন। ভারতের পুরুষ এবং মহিলাদের কম্পাউন্ড দলও সেমিফাইনালে উঠেছে। সবমিলিয়ে, ভারতীয় আর্চারদের জন্য দিনটা দারুণ কাটল।
অন্যদিকে, বক্সিংয়ে ভারতের হয়ে পদক নিশ্চিত করেছেন অঙ্কুশ। পুরুষদের ৮০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে তিনি তাজিকিস্তানের নেকরুজ সালিমভকে হারিয়েছেন।
অ্যাথলেটিক্সে শ্রীশঙ্কর মুরালি এবং ডেভিড সলোমন পুরুষদের লং জাম্পের ফাইনালে উঠেছেন। মহিলাদের ৪০০ মিটার হার্ডলসের ফাইনালে পৌঁছেছেন বিদ্যা রামরাজ এবং অনু রাঘবন। পুরুষদের ৪০০ মিটার হার্ডলসের ফাইনালে উঠেছেন সন্তোষ কুমার তামিলরাসন। ডেকাথলনে তেজস্বিন শঙ্কর ডিসকাস থ্রোয়ে সপ্তম স্থানে শেষ করার পর, আর দুটি ইভেন্ট বাকি থাকতে সামগ্রিকভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন পিভি সিন্ধু এবং উন্নতি হুডা। এর ফলে, ব্যাডমিন্টনে ভারতের অভিযান শেষ হলো। পুরুষদের দলগত ইভেন্টে জেতা ব্রোঞ্জ পদকটিই এই খেলায় ভারতের একমাত্র প্রাপ্তি।
শুটিংয়ে ভারতের মিশ্র ফলাফল হয়েছে। মহিলাদের ট্র্যাপ কোয়ালিফিকেশনের প্রথম দিনের শেষে নীরু শীর্ষে রয়েছেন। মহিলাদের ২৫ মিটার পিস্তল কোয়ালিফিকেশনে মনু ভাকের, এষা সিং এবং রাহি স্বর্ণোবতও অংশ নিয়েছিলেন। অন্যান্য ইভেন্টের মধ্যে, মহিলাদের ফেন্সিং দল টিম স্যাবর কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের কাছে হেরে গেছে। তবে পুরুষদের শর্টবোর্ড সার্ফিং ইভেন্টে শিবরাজ বাবু তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।