
Asian Games 2026: একেবারে সামান্য ব্যবধানে সোনা হাতছাড়া। চিনের প্রতিযোগীর থেকে মাত্র ২ সেন্টিমিটার কম লাফিয়ে চলতি এশিয়ান গেমসে রুপো জিতলেন কেরলের তারকা লং-জাম্পার অ্যান্সি সোজান (Ancy Sojan)।অনেকটা সময় ধরে মহিলাদের লং জাম্পের ফাইনালে সবার আগে ছিলেন কেরলের মেয়ে অ্যান্সি। কিন্তু একেবারে শেষ চেষ্টায় চিনের মেনগি তান ৬.৫৫ মিটার লাফিয়ে সোনা জেতেন। সেখানে রুপো জয়ী অ্যান্সি সোজান লাফান ৬.৫৩ মিটার। সোনা আর রুপোর ফারাক হয় .০২ মিটার বা ২ সেন্টিমিটার। এই বিভাগে অল্পের জন্য পদক হাতছাড়া হয়ে চতুর্থ হলেন ভারতের শৈলী সিং।
গত এশিয়ান গেমসেও রুপো জিতেছিলেন কেরলের সিরিয়ান খ্রীস্টান পরিবারের মেয়ে অ্যান্সি। তাঁর বাবা অটো চালন। কেরলের যে নাট্টিকা গ্রামে থাকে অ্যান্সি সেটা মৎস্যজীবীদের আস্তানা নামে পরিচিত।
মহিলাদের ২০০ মিটার দৌড়ে রুপো জিতলেন হরিত্রা ভদ্র। তবে ২০০ মিটার নিশ্চিত পদক জয়ের আশা করা হলেও পঞ্চম হয়ে হতাশ করলেন ভারতের অনিমেষ খুজুর। মহিলা ও পুরুষদের স্কোয়াশের সিঙ্গলসে রুপো জিতলেন যথাক্রমে অনাহত সিং ও অভয় সিং। মহিলাদের হকিতে সিঙ্গাপুরকে ৭-০ হারিয়ে লিগ পর্যায়ের খেলা শেষ করল ভারত। বুধবার সেমিতে ভারতের সামনে দক্ষিণ কোরিয়া। অন্য সেমিফাইনালে চিনের মেয়েরা মুখোমুখি আয়োজক দেশ জাপানের।