
Asian Games 2026: চলতি এশিয়ান গেমসের নবম দিনের শুরুতে দুটি পদক এল ভারতের ঝুলিতে। মহিলাদের ২৫ মিটার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতলেন এশা সিং (Esha Singh)। এই বিভাগে ফাইনালেই উঠতে পারেননি ভারতের অলিম্পিক পদজকয়ী শ্য়ুটার মানু ভাকের। গতবারও এই বিভাগে রুপো জিতেছিলেন ২১ বছরের এশা। এদিন রুদ্ধশ্বাস ফাইনালে একেবারে সামান্য ব্যবধানে বাজিমাত করে সোনা জিতলেন চিনের শাও জিয়ারুসিয়ান। ফাইনালে দুজনের স্কোর সমান ছিল। এরপর শ্যুট-অফে এশা স্কোর করেন ৪+২, আর শাও ৪+৩।
প্রসঙ্গত, গতবার ২৫ মিটার পিস্তলের দলগত বিভাগে সোনা জিতেছিলেন ভারতীয়রা। সেখানে এবার দলগত বিভাগে কোনও পদকই আসেনি। প্রসঙ্গত, চলতি এশিয়াডে শ্য়ুটিংয়ে ভারতের একমাত্র সোনার পদকটি এসেছে ১০ মিটার মিক্সড ইভেন্টে (সুরুচি ইন্দর সিং ও কমলজিত)।
অন্যদিকে, কুস্তির মত একটি খেলা কুরাশ থেকে ব্রোঞ্জ জিতলেন ভারতের পিঙ্কি বলহারা। ৭৮ কেজি বিভাগের সেমিতে হেরে ব্রোঞ্জেই সন্তুষ্ট হতে হল পিঙ্কিকে। গত এশিয়াডে পিঙ্কি মহিলাদের কুরাশ থেকে রুপো জিতেছিলেন।
পুরুষদের ক্রিকেটে একটা বল না খেলেই সেমিফাইনালে উঠলেন শ্রেয়স আইয়াররা। প্রবল বৃষ্টির কারণে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় Ranking-এ এগিয়ে থাকার সুবাদে শেষ চারে উঠল টিম ইন্ডিয়া। একই কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় হংকংয়ের বিরুদ্ধে একটা বল না খেলেও সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। সেমিফাইনালে মুখোমুখি হবে না ভারত-পাকিস্তান। ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেখানে পাকিস্তানকে ফাইনালে উঠতে হলে হারাতে হতে পারে বাংলাদেশকে। তার আগে কোয়ার্টার ফাইনালে কাল, মঙ্গলবার শ্রীলঙ্কার প্রতিপক্ষ নেপাল, আর বাংলাদেশ খেলবে মালয়েসিয়ার বিরুদ্ধে। দুটি সেমিফাইনালই হবে বৃহস্পতিবার,পয়লা অক্টোবর।