
Asian Games 2026 India Medal Tally: জাপানের আইচি-নাগোয়াতে ভারতের এশিয়ান গেমস ২০২৬-এ অভিযান শেষ হল। এবারের এশিয়াডে ভারত ২১টি সোনা, ২৭টি রুপো ও ৩৭টি ব্রোঞ্জ পদক জিতে অভিযান শেষ করল। আগামিকাল, রবিবার গেমসের সমাপ্তি অনুষ্ঠান। চিন, আয়োজক জাপান ও দক্ষিণ কোরিয়ার ঠিক পিছনে পদক তালিকায় চার নম্বরে শেষ করল ভারত। শেষ তিনদিনে পরপর বেশ কয়েকটি সোনা জিতে একেবারে দশ থেকে উঠে এসে ৪ নম্বরে শেষ করল টিম ইন্ডিয়া। তবে গত এশিয়ান গেমসের চেয়ে টিম ইন্ডিয়া এবার ২২টি পদক কম জিতল।
পাশাপাশি গত গেমসের তুলনায় ৭টি সোনাও কম পেয়েছে ভারত। ২০২২ হাংঝাউ এশিয়ান গেমসে টিম ইন্ডিয়া জিতেছিল মোট ১০৭টি পদক। ২৮টি সোনা, ৩৮টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ। প্রসঙ্গত, এবারের এশিয়াডে মোট ৩৬টি খেলায় ৪৯৫ জন ভারতীয় ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। অন্যদিক, শীর্ষ শেষ করা চিন জিতল ১৫৪টি সোনা সহ মোট ২৮৮টি পদক। আয়োজক জাপান ৫৯টি সোনা ২১৭টি পদক জিতে দ্বিতীয় স্থানে শেষ করল।
এবারের এশিয়ান গেমসে কবাডি, ক্রিকেট ও হকিতে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই সোনা জিতেছে ভারত। ট্র্যাপ সহ বেশ কিছু ইভেন্টে ভারতীয়রা ঐতিহাসিক সোনা জেতেন। তিরন্দাজিতে দেশের মহিলারা ইতিহাস গড়ে সোনা জিতেছেন। অ্যাথলেটিক্সেও বেশ কিছু ঐতিহাসিক পদক এসেছে। কিন্তু এগুলো বাদ দিলে বাকি সব খেলাতেই হতাশা। টেনিসের মত খেলায় এবার পুরো খালি হাতে ফিরতে হয়েছে। যে টেনিসে গতবার ১টি সোনা, ১টি রুপো এসেছিল।
কোন কোন খেলায় হতাশা
১০ মিটার এয়ার পিস্তলের মত এশিয়াডে ভারতের একেবারে দাপট দেখানো ইভেন্টেও হতাশা এসেছে। জোড়া অলিম্পিক পদকজয়ী মানু ভাকেরের মত তারকা এবার খালি হাতে ফিরেছেন। ভারত্তোলনে মীরাবাঈ চানু ছাড়া বাকি সবাই হতাশ করেছেন। পিভি সিন্ধু-রা ব্যর্থ হয়েছেন। ঘোড়ার খেলা ইকুয়েস্ট্রিয়নে গতবার সোনা জিতেছিল ভারত, এবার সেখানে কোনও পদকই আসেনি। বক্সিংয়ে ৩টি সোনা সহ মোট ৬টি পদক এসেছে।
এবারের এশিয়াডে দেশের সবচেয়ে বেশি সোনা এসেছে তিরন্দাজি থেকে। ৫টি সোনা সহ মোট ৯টি পদক এবার জাপান এশিয়াডে জিতেছেন ভারতীয়রা। শ্যুটিং, বক্সিং থেকে এসেছে ৩টি করে সোনা। কুস্তি, ক্রিকেট, হকি ও কবাডি থেকে এসেছে ২টি করে সোনা। অ্যাথলেটিক্স, গল্ফ থেকে এসেছে ১টি করে সোনা। স্কোয়াশ থেকে ২টি, ও সেলিং, ভারত্তোলন ও উসু থেকে ভারতীয়রা ১টি করে রুপো জিতেছেন। ব্যাডমিন্টন, কুরাশ, মিক্সড মার্শাল আর্টস, রোয়িং, সেপাক টাকরো, সফট টেনিস ও টেবল টেনিস থেকে এসেছে ১টি করে ব্রোঞ্জ।
গতবারের তুলনায়
২০২২ এশিয়ান গেমসে ভারতীয় শতাধিক পদক জিতে নজর কেড়েছিল। সেই গেমসে ভারতকে সবচেয়ে বেশি সোনা এসেছিল শ্যুটিং থেকে (৭টি সোনা সহ ২২টি পদক) ও অ্যাথলেটিক্স ট্রাক থেকে (৬টি সোনা সহ ২৯টি পদক)। গত এশিয়াডে মোট ১০টি খেলা থেকে সোনা জিতেছিল ভারত। এবার সেখানে ৮টি খেলা থেকে সোনা এসেছে।