
মহিলাদের পর এবার ভারতীয় পুরুষ হকি দলও এশিয়ান গেমসের হকিতে সোনা জিতল। মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে সোনা জিতে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের যোগ্যতাও অর্জন করে ফেলল হরমনপ্রীত সিংয়ের দল। ফাইনালে জোড়া গোল করে নায়ক হরমনপ্রীত। চলতি এশিয়াডে ভারতের এটি ২১তম সোনা। কবাডি, ক্রিকেটের মত হকিতেও পুরুষ ও মহিলা উভয় বিভাগেই সোনা জিতল টিম ইন্ডিয়া। মহিলাদের হকিতে গতকাল চিনকে হারিয়ে সোনা এসেছিল, আর আজ মালয়েশিয়াকে একেবারে চূর্ণ করে সোনা আনলেন ভারতীয় পুরুষ দল। সব মিলিয়ে এশিয়ান গেমসের ইতিহাসে পুরুষদের হকিতে ভারতের এটি পঞ্চমবার সোনা জয়। গতবারও পুরুষদের হকিতে এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। তবে এবার হরমনপ্রীতদের কোনও দলই একেবারেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেননি।
এদিন ফাইনালে প্রথম কোয়ার্টারে খেলার ফল ছিল ১-১। ফাইনালের শুরুতে পেনাল্টি কর্নার থেকে গোল করে দেশকে এগিয়ে দিয়েছিলেন হরমনপ্রীত। তবে কিছুক্ষণ পরেই সেই গোল শোধ করে দেয় মালয়েশিয়া। তবে দ্বিতীয় কোয়ার্টার যুগরাজ সিংয়ের গোলের পর ভারতকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। হাফ টাইম পর্যন্ত ভারত ২-১ গোলে এগিয় ছিল। এরপর হার্দিক সিং ভারতের হয়ে ব্যবধান বাড়ান। এরপর ম্যাচে আর ফিরে আসতে পারেনি মালয়েশিয়া। ভারতের হয়ে চতুর্থ ও পঞ্চম গোলটি করেন যথাক্রমে শৈলানন্দ লাকরা ও পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত সিং।
এবারের এশিয়ান গেমসে ভারতীয় দল ঠিক কতটা দাপট দেখিয়ে সোনা জিতল তার একটা ছোট্ট পরিসংখ্যান হল, হরমপ্রীতরা গোটা টুর্নামেন্টে মোট ৭টি ম্যাচ খেলে সাতটি জয়ের পাশাপাশি মোট ৫৮টি গোল করেছেন (ম্যাচ প্রতি গড়ে ৮টা গোল)। সেমিফাইনালে পাকিস্তানকে ৪-৩ গোলে হারান হরমনপ্রীতরা। দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতল পাকিস্তান। গ্রুপ লিগে বাংলাদেশকে ১০-০, দক্ষিণ কোরিয়াকে ৮-২, শ্রীলঙ্কাকে ১৬-১, ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ১৩-১ গোলে জিতেছিল ভারত। হকি বিশ্বকাপে ভরাডুবির পর এশিয়াডে খেলতে নেমে সাফল্য পেল ভারতীয় পুরুষ হকি দল।