
Asian Games 2026: ভারতীয় অ্যাথলিট পূজা মঙ্গলবার, ২০২৬ এশিয়ান গেমসের ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে মহিলাদের হাই জাম্পে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, ১.৮৪ মিটার লাফিয়ে পোডিয়ামে তৃতীয় স্থান দখল করেন তিনি। পূজা ১.৮৪ মিটার পর্যন্ত প্রতিটি লাফেই প্রথম চেষ্টায় সফল হন। এই নিখুঁত পারফরম্যান্সের সুবাদেই কাউন্টব্যাকে চিন ও কাজাখস্তানের প্রতিযোগীদের পিছনে ফেলে ব্রোঞ্জ নিশ্চিত করেন তিনি (Asian Games 2026)। কারণ, ঐ দুই দেশের অ্যাথলিটরাও একই উচ্চতা পার করেছিলেন। উজবেকিস্তানের বারনোখোন সায়ফুল্লায়েভা এই ইভেন্টে ১.৯০ মিটার লাফিয়ে সোনা জেতেন। কাজাখস্তানের ক্রিস্টিনা ওভচিনিকোভা ১.৮৭ মিটার লাফিয়ে রুপো পান। আর পূজা তাঁর সেরা ১.৮৪ মিটার লাফিয়ে তৃতীয় হন। ভারতের আরেক প্রতিযোগী সুপ্রিয়া বাসভরাজুও মহিলাদের হাই জাম্পের ফাইনালে অংশ নিয়েছিলেন। তিনি ১.৭৫ মিটার লাফিয়ে দ্বাদশ স্থানে শেষ করেন।
ভারতের অ্যাথলেটিক্স দলের জন্য আইচি-নাগোয়া এশিয়ান গেমসে দিনটা বেশ ভালোই গেল। পূজার ব্রোঞ্জের পাশাপাশি এদিন মহিলাদের ৪x৪০০ মিটার রিলে দল সোনা জিতেছে। আর পুরুষদের ৪x৪০০ মিটার রিলে দল পেয়েছে ব্রোঞ্জ। কিরণ, মাচেত্তিরা পুভাম্মা, প্রাচী এবং বিদ্যা রামরাজকে নিয়ে গড়া ভারতীয় দল ৩:২৯.৬৯ সেকেন্ড সময় করে সবার আগে দৌড় শেষ করে। বাহরিন ৩:৩০.২১ সেকেন্ড সময় নিয়ে রুপো জেতে। চিন ৩:৩১.০২ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পেয়েছে। বিদ্যা রামরাজ এর আগে মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার রিলেতে সোনা জিতে আইচি-নাগোয়ায় নিজের ঝুলিতে আরও একটি পদক ভরলেন তিনি।
অন্যদিকে, পুরুষদের ইভেন্টেও হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। প্রথম তিনটি দলের মধ্যে সময়ের ব্যবধান ছিল এক সেকেন্ডেরও কম। ধর্মবীর চৌধুরী, মনু থেক্কিনালিল, জয় কুমার এবং বিশাল থেন্নারাসুর ভারতীয় দল ৩:০১.৬১ সেকেন্ড সময় করে তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ জেতে। মহিলাদের ৪x৪০০ মিটার রিলে দলের হাত ধরে এদিন ভারতের দ্বিতীয় সোনাটি আসে।
এর আগে মহিলাদের ট্র্যাপ ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়েন নীরু ধান্দা। এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই ইভেন্টে ব্যক্তিগত পদক জিতলেন তিনি। নীরু ফাইনালে ৩০টির মধ্যে ২৮টি লক্ষ্যভেদ করে শীর্ষস্থান দখল করেন। চিনের সান ইউনং ২৬/৩০ স্কোর করে রুপো পান। আর সংযুক্ত আরব আমিরশাহির হাজার আবদুলমালিক ২১/২৫ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন। তাঁর এই জয়ের ফলে ২০২৬ এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত নিজেদের দ্বিতীয় সোনাটি পেয়ে গেল। (এএনআই)
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।