
Asian Games Team India: এশিয়ান গেমসের জন্য সম্ভাব্য ৩০ জনের নাম পাঠিয়ে দিল বিসিসিআই (BCCI)। আগামী বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসে হতে চলা টি-২০ ফর্ম্যাটের জন্য ৩০ জন সম্ভাব্য ক্রিকেটারের নামের একটি তালিকা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) কাছে পাঠিয়েছে বোর্ড। আর সেই তালিকাতেই নজর কেড়েছে একাধিক চমক। সবচেয়ে বড় চমক, ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এবং টেস্ট ও একদিনের ক্রিকেটের অধিনায়ক শুভমন গিল,দু'জনেরই নাম নেই এই ৩০ সদস্যের তালিকায়। এশিয়াডের সম্ভাব্য টিম ইন্ডিয়ায় বড় চমক ১৫ বছরের বৈভব সূর্যবংশী। আগামী বছর সেপ্টেম্বরে মালয়েশিয়ার চারটি শহরে বসতে চলেছে এশিয়ান গেমসের আসর। সেখানে এবার ৩৮টি খেলার সঙ্গে রয়েছে পুরুষদের ক্রিকেটও।
ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে সূর্যকুমার যাদব, শুবমন গিলের মত সিনিয়র ক্রিকেটারদের এশিয়ান গেমসে বিশ্রাম দেওয়া হয়েছে বলে খবর। এশিয়ান গেমসের সময় আন্তর্জাতিক ক্রিকেটের অন্যান্য সূচির সঙ্গেও সংঘাত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, সম্ভাব্যদের তালিকায় জায়গা পেয়েছেন ১৫ বছরের সেনসেশন বৈভব সূর্যবংশী। চলতি আইপিএলে সবাইকে ছাপিয়ে বৈভব সুনামির গতিতে খেলে করেন ৭৭৬ রান। এরপর থেকেই বৈভবকে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি উঠছে। খোদ সুনীল গাভাসকরও বলেছেন, দেশের টি-২০ দলে খেলার জন্য পুরোপুরি তৈরি বৈভব। আর কয়েক মাস পরেই রাজস্থান রয়্যালস তথা বিহারের এই বিস্ময় প্রতিভাকে জাতীয় দলে খেলতে দেখা যাবে বলে খবর। অল্প বয়সেই ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি নির্বাচকদের নজর কেড়েছেন। এশিয়ান গেমসের সম্ভাব্য তালিকায় তাঁর অন্তর্ভুক্তি ভারতীয় ক্রিকেটে দ্রুত উত্থানেরই প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বৈভবের পাশাপাশি সম্ভাব্য ৩০ জনের দলে রয়েছেন বাংলার স্পিনার-অলরাউন্ডার শাহবাজ আহমেদ। হর্ষ দুবে থেকে আয়ুষ বাদোনি-দের মত তরুণ ক্রিকেটারদেরও রাখা হয়েছে। বোর্ডের এই সম্ভাব্য তালিকা থেকে পরবর্তী কালে এশিয়াডের জন্য চূড়ান্ত দল নির্বাচন করা হবে। ফলে বৈভবের সামনে এখনও বড় পরীক্ষা বাকি থাকলেও, সম্ভাব্যদের তালিকায় নাম থাকা তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ক্রিকেটকে এশিয়ান গেমসের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হিসেবে ধরা হয়। তাই এই প্রতিযোগিতায় ভারতের দল কেমন হবে, তা নিয়ে আগ্রহও তুঙ্গে। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে দল গঠনের ভাবনা থেকেই BCCI এই দীর্ঘ তালিকা তৈরি করেছে বলে জানা যাচ্ছে।
যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, তিলক ভর্মা, জশপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, নীতীশ রেড্ডি, প্রসিধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী, অঙ্কুল রায়, আয়ূষ বাদোনি, হর্ষ দুবে, ধ্রুব জুরেল (উইকেটকিপার), খলিল আহমেদ, ঋতুরাজ গায়কোয়েড়, রবি বিষ্ণোই, শাহবাজ আহমেদ, শিবম দুবে, ভিপরাজ নিগম, হর্ষিত রানা, যশ ঠাকুর, ওয়াশিংটন সুন্দর।