Brazil in Kolkata: ফুটবলপ্রেমী জনতা যখন দু-ভাগ হয়ে যায়। চায়ের আড্ডা থেকে অফিসের ডেস্ক, ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে চলতে থাকে তুমুল তর্ক। যে দুই দলের সমর্থকদের মধ্যে চলে চূড়ান্ত কথার লড়াই। লাতিন আমেরিকার ফুটবলের দুই জায়ান্ট! সেলেকাও বনাম ভামোস। আর্জেন্টিনা আগেই এসেছে, এবার আসবে ব্রাজিল (Brazil in Kolkata)। কার্যত, ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে কলকাতা! ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে ব্রাজিল (India vs Brazil football)।
ফুটবলের চরম উন্মাদনা, যেদিন ফুটবলপ্রেমী জনতা উপভোগ করবে দুরন্ত ফুটবল। সেইদিন থাকবে না কোনও বিভেদ, ৯০ মিনিটের লড়াই হবে এক মুগ্ধতার নিদর্শন। সেইদিন শুধু হবে ফুটবলের জয়গান। সবাই মিলে একসঙ্গে বসে লাতিন ফুটবল এনজয় করার দিন। ইয়েস! দুর্গাপুজোর আগেই সেরা উপহার বাঙালিদের জন্য। আগামী ৩ অক্টোবর, এই দিনটি কলকাতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে চলেছে। ‘সিটি অফ জয়'-তে খেলতে আসছে ব্রাজিলের জাতীয় ফুটবল দল। সদ্য শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ। আর তার কয়েকদিনের মধ্যেই চলে এল দুর্দান্ত খবর। ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে উঠতে চলেছে সাম্বা ঝড়। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল বনাম ভারত। আর ঠিক তার সাতদিন পর, তথা ১০ অক্টোবর হচ্ছে মহালয়া। তারপরেই শুরু বাঙালির চিরন্তন শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ফুটবল এবং দুর্গাপুজো, যে দুটো বিষয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে বাঙালির আবেগ, আনন্দ এবং উচ্ছ্বাস। এবার সেই দুর্গাপুজোই শুরু হচ্ছে ফুটবল উৎসব দিয়ে। অনবদ্য, অসাধারণ এবং দুর্দান্ত।
কিন্তু এই মেগা ম্যাচের টিকিট কাটবেন কীভাবে? সূত্রের খবর, অনলাইন এবং অফলাইন, দুইভাবেই টিকিট পাওয়া যাবে এই ইভেন্টের জন্য। শোনা যাচ্ছে, এম-টিকিটের ব্যবস্থাও করা হতে পারে। তবে এখনও কোনও বিষয়টিই চূড়ান্ত নয়। ফেডারেশন কর্তারা আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে খবর। টিকিটের দাম এখনও ধার্য করা হয়নি। সেই বিষয়টিও জানানো হবে। সূত্রের খবর, ম্যাচের বেশ কয়েকদিন আগেই টিকিট ছাড়া হবে এবং তার আগে ঘোষণাও করবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
তবে প্রশ্ন হচ্ছে নেইমার কি আসছেন? আগামী ৩ অক্টোবর (শনিবার), কলকাতার আইকনিক যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল বনাম ভারত। তবে নেইমার ইতিমধ্যেই অবসর ঘোষণা করে দিয়েছেন। ব্রাজিল জার্সিতে তিনি আর মাঠে নামবেন না। তবে সূত্রের খবর, ব্রাজিল ফুটবল ফেডারেশন তাঁকে রাজকীয় বিদায় জানাতে চায়। কিন্তু কলকাতায় এই ম্যাচের আগে ২৫ সেপ্টেম্বর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাউন্সভিলে ম্যাচ রয়েছে ব্রাজ়িলের। তারপর ২৯ সেপ্টেম্বর, খেলা রয়েছে ব্রিসবেনে। সেই ম্যাচটিও অজিদের বিপক্ষে। এরপর ৩ অক্টোবর, ভারতের বিরুদ্ধে ম্যাচ। ফলে, নেইমার আদৌ ভারতে আসবেন কিনা সেই বিষয়টি নিশ্চিত নয়। তাছাড়া ব্রাজিল ফুটবল ফেডারেশনের অন্য কোনও পরিকল্পনাও থাকতে পারে। তবে সেলেকাওরা কলকাতায় খেলতে আসছে। সরকারিভাবে সেই ঘোষণা করে দেওয়া হয়েছে ফেডারেশনের তরফে। হেডকোচ কার্লো আনসেলোত্তি দল নিয়ে যুবভারতীতে খেলবেন। তবে প্রথম সারির কতজন তারকা মাঠে নামবেন বা ব্রাজিলের স্কোয়াড সম্পর্কে এখনও অবধি কোনও আপডেট পাওয়া যায়নি। এই মুহূর্তে ব্রাজিল ফুটবলের তারকাদের দেখার জন্য মুখিয়ে রয়েছে কলকাতা। পাশাপাশি ম্যাচটি কখন শুরু হবে, সেটিও কয়েকদিনের মধ্যেই জানানো হবে।
Da Austrália para a Índia 🇧🇷🇮🇳
A agenda da Seleção Brasileira continua.
Depois dos amistosos na Austrália, nosso próximo destino será a Índia, onde escreveremos um capítulo inédito da nossa história.
No dia 3 de outubro, a Seleção entrará em campo pela primeira vez em solo… pic.twitter.com/UNbhtNU3we— brasil (@CBF_Futebol) July 30, 2026
ইতিমধ্যেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফ থেকে সরকারিভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই বিষয়টি ঘোষণা করা হয়েছে। তারা সেখানে লিখেছে, “অস্ট্রেলিয়া থেকে ভারত। ব্রাজিল জাতীয় দলের সফরসূচি অব্যাহত রয়েছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচগুলোর পর আমাদের পরবর্তী গন্তব্য হল ভারত। সেখানে আমরা আমাদের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় রচনা করতে চলেছি। আগামী ৩ অক্টোবর, কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের জন্য ভারতীয় মাটিতে খেলতে নামবে জাতীয় দল। এটি এমন একটি দেশের সঙ্গে বিশেষ সাক্ষাৎ হতে চলেছে, যেখানে ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে বড় আন্তর্জাতিক ফ্যানরা রয়েছে এবং যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে গভীর ভালোবাসা ও আবেগের সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসকে অনুসরণ করে আসছে। লক্ষ লক্ষ ভারতীয় ফুটবলভক্তের সঙ্গে এই মুহূর্তটি উপভোগ করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি! কলকাতায় দেখা হবে।"
A date for the history books. 🇮🇳🤝🇧🇷 pic.twitter.com/Sj7zneeHnv
— Indian Football (@IndianFootball) July 30, 2026
ভারতীয় ফুটবলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা রয়েছে, “ইতিহাসের পাতায় ঠাঁই পাওয়ার মতো একটি দিন।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।