
Commonwealth Games 2026, Day 1: স্কটল্যান্ডের (Scotland) গ্লাসগোয় (Glasgow) ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাতে কমনওয়েলথ গেমস ২০২৬-এর উদ্বোধন হতে চলেছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১১ দিনের ক্রীড়াযজ্ঞ শুরু হতে চলেছে। গ্লাসগোর বিখ্যাত ওভিও হাইড্রো (OVO Hydro) এরিনায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১১ দিনের এই মহাযজ্ঞের সূচনা হতে চলেছে। কমনওয়েলথ গেমসের এবারের আসরে ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় ৩,০০০ ক্রীড়াবিদ যোগ দিচ্ছেন। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন অলিম্পিক্সে (Olympics) পদকজয়ী মীরাবাই চানু (Mirabai Chanu)। কমনওয়েলথ গেমসের গত কয়েকটি আসরে ভারতের ফল খুব ভালো হয়েছে। এবারও ভালো ফল হবে বলে আশায় সারা দেশ। ভারতের জন্য উদ্বোধনী অনুষ্ঠানটি হবে বিশেষ গর্বের মুহূর্ত। টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাই চানু ভারতের পতাকাবাহক হিসেবে দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে, টোকিও অলিম্পিক্সো ব্রোঞ্জজয়ী বক্সার লাভলিনা বরগোহাঁই (Lovlina Borgohain) উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিক ব্যাটন বহন করবেন।
প্রায় ১৩ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্কটল্যান্ডের অন্যতম সেরা ইনডোর ভেন্যু ওভিও হাইড্রো-তে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী প্যারেড অব নেশনস, বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা এবং কমনওয়েলথ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে উন্মোচন করা হবে এবারের আসরের অফিসিয়াল মাসকট ‘ফিনি দ্য ইউনিকর্ন’ (Finnie the Unicorn)। পাশাপাশি গ্লাসগোর সমৃদ্ধ ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন যুক্তরাজ্যের জনপ্রিয় শিল্পীরা। তাঁদের মধ্যে রয়েছেন টম ওয়াকার, কেটি টানস্টল, ক্যালাম বিটি, নিনা নেসবিট, ভ্যালটোস, নাথান ইভান্স এবং সেন্ট PHNX। এছাড়া রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা, যাঁরা ২০২২ সালের বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন, তাঁরাও অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। সোনি স্পোর্টস নেটওয়ার্কে এই অনুষ্ঠান সরাসরি দেখা যাবে। Sony LIV অ্যাপ ও ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে। ভারতের কমনওয়েলথ গেমস অভিযান শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠানের আগেই। লন বোলস ইভেন্টে ভারতের মহিলা জুটি মাল্টার মুখোমুখি হবে। পুরুষদের একক বিভাগের খেলোয়াড় খেলবেন কানাডার বিপক্ষে। এই দু'টি ম্যাচই হবে গেমসে ভারতের প্রথম প্রতিযোগিতামূলক ইভেন্ট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।