
2026 ICC Men's T20 World Cup: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে (United States of America vs Netherlands) জয় পেল মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার টি-২০ বিশ্বকাপে এই দুই দলের সপ্তম লড়াইয়ে প্রথম জয় পেল মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে এই দুই দল তিনবার ওডিআই এবং তিনবার টি-২০ ম্যাচ খেলেছে। সব ম্যাচেই জয় পায় ডাচরা। তবে এবার বাজিমাত করল মার্কিনিরা। চলতি টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের (Pakistan) কাছে হেরে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তারা তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। মার্কিন যুক্তরাষ্ট্র ছয় উইকেট হারিয়ে ১৯৬ রান করে। জবাবে ১৫.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। ফলে ৯৩ রানে জয় পায় মার্কিন যুক্তরাষ্ট্র।
চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল মার্কিন যুক্তরাষ্ট্র। তারা গ্রুপ এ-তে ভারত ও পাকিস্তানের পর তৃতীয় স্থানে উঠে এল। তিন ম্যাচ খেলে মার্কিন যুক্তরাষ্ট্রের পয়েন্ট দুই। নেদারল্যান্ডসও তিন ম্যাচ খেলে দুই পয়েন্ট পেয়েছে। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় গ্রুপে চতুর্থ স্থানে ডাচরা। এই গ্রুপে এখনও পয়েন্ট পায়নি একমাত্র নামিবিয়া (Namibia)। তারা প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলে একাধিক ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। তাঁরা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সর্বাধিক ৭৯ রান করেন সাইতেজা মুক্কামাল্লা (Saiteja Mukkamalla)। তাঁর ৫১ বলের ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। অধিনায়ক মনাঙ্ক প্যাটেল (Monank Patel) ২২ বলে ৩৬ রান করেন। শুভম রঞ্জনেও (Shubham Ranjane) দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ২৪ বল খেলে তিনটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করে অপরাজিত থাকেন। হরমিত সিং ২১ রান দিয়ে চার উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।