
2026 ICC Men's T20 World Cup: এবারের টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়ে সুপার এইট পর্যায়ের যোগ্যতা অর্জনের পথে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা। বুধবার মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs West Indies) ৩০ রানে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপের শীর্ষে ক্যারিবিয়ানরা। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৯৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৯ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শেরফেন রাদারফোর্ড (Sherfane Rutherford)। তিনি পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪২ বল খেলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি।
চলতি টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দলগত পারফরম্যান্সের সুবাদেই পরপর দুই ম্যাচে জয় পেল ক্যারিবিয়ানরা। এদিন রাদারফোর্ডের পাশাপাশি ভালো ব্যাটিং করেন জেসন হোল্ডার (Jason Holder), রস্টন চেজ (Roston Chase) ও শিমরন হেটমায়ার (Shimron Hetmyer)। হোল্ডার ১৭ বল খেলে ৩৩ রান করেন। চেজ ২৯ বল খেলে ৩৪ রান করেন। হেটমায়ার ১২ বল খেলে ২৩ রান করেন। ইংল্যান্ডের হয়ে জোড়া উইকেট করে নেন জেমি ওভারটন (Jamie Overton) ও আদিল রশিদ (Adil Rashid)।
চলতি টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের (Nepal) বিরুদ্ধে কোনওরকমে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হল ইংল্যান্ডকে। এদিন ইংরেজ ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান স্যাম কারান (Sam Curran)। তিনি ৩০ বল খেলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। জ্যাকব বেথেল (Jacob Bethell) ২৩ বল খেলে ৩৩ রান করেন। ওপেনার ফিলিপ সল্ট (Philip Salt) ১৪ বল খেলে ৩০ রান করেন। অপর ওপেনার জস বাটলার (Jos Buttler) ১৪ বল খেলে ২১ রান করেন। ক্যারিবিয়ানদের হয়ে ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন গুড়াকেশ মোতি (Gudakesh Motie)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।