
Indian Women's Cricket Team: আগামী মাসে শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ (2026 ICC Women's T20 World Cup)। এই টুর্নামেন্টের জন্য শনিবার ভারতীয় দল ঘোষণা করা হল। দলে খুব বেশি চমক নেই। তবে একাধিক পরিচিত মুখ দলে নেই। পুরো দল হল- হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা (Shafali Verma), জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues), ভারতী ফুলমালি (Bharti Fulmali), দীপ্তি শর্মা (Deepti Sharma), রিচা ঘোষ (Richa Ghosh) (উইকেটকিপার), শ্রী চরণী (Shree Charani), ইয়াসতিকা ভাটিয়া (Yastika Bhatia) (উইকেটকিপার), নন্দিনী শর্মা (Nandini Sharma), অরুন্ধতী রেড্ডি (Arundhati Reddy), রেণুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur), ক্রান্তি গৌড় (Kranti Gaud), শ্রেয়াঙ্কা পাতিল (Shreyanka Patil) ও রাধা যাদব (Radha Yadav)।
১২ জুন ইংল্যান্ডে (England) শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ভারতীয় দলে জায়গা পাননি হারলিন দেওল (Harleen Deol), প্রতীকা রাওয়াল (Pratika Rawal) ও আমনজ্যোত কউর (Amanjot Kaur)। এখনও পর্যন্ত সিনিয়র পর্যায়ে কোনও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া নন্দিনী ও উইকেটকিপার-ব্যাটার ইয়াসতিকা দলে আছেন। দলের বিষয়ে হরমনপ্রীত বলেছেন, ‘আমনজ্যোত আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ও দলে নেই। ও চার-পাঁচ মাস ক্রিকেটের বাইরে। ওর মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন। তবে আমরা চেষ্টা করছি। রাধা দলে ফিরেছে। ও একজন অলরাউন্ডার। আমনজ্যোতের পরিবর্ত খুঁজে পাওয়া কঠিন ছিল। আমরা দলে ভারসাম্য আনার চেষ্টা করছি।’
হরমনপ্রীত আরও বলেছেন, ‘দলের জন্য যা করা দরকার সে সবই আমি করতে তৈরি। আমরা প্রস্তুতি শিবিরে অনেক কিছু করার চেষ্টা করব। বিশ্বকাপে সাফল্য পাওয়ার জন্য যা করা দরকার করব। আমি দলের প্রয়োজনে যে কোনও জায়গায় ব্যাটিং করতে তৈরি।’ টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল সাফল্য পাবে বলে আশাবাদী হরমনপ্রীত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।