
Asian Games 2026 Cricket: এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত সোমবার, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে। শনিবার, 'গ্রুপ এ'-তে নেপাল এবং আফগানিস্তানের ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যায় (Asian Games 2026 Cricket)। তার ফলে, গ্রুপ রানার্স হিসেবে শেষ আটে উঠে ভারতের প্রতিপক্ষ হিসেবে জায়গা পাকা করেছে আফগানরা। গ্রুপ চ্যাম্পিয়ন নেপাল কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। র্যাঙ্কিংয়ের বিচারে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলির মধ্যে শুধু ভারত এবং বাংলাদেশই তাদের মূল দল পাঠিয়েছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দলে রয়েছেন সঞ্জু স্যামসন, যশপ্রীত বুমরা, অভিষেক শর্মা, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ এবং আইপিএলের তরুণ তারকা বৈভব সূর্যবংশীর মতো পরিচিত মুখরা।
গত এশিয়ান গেমসে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে ভারত সোনা জিতেছিল। এবারও সেই সোনা ধরে রাখার আশায় রয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, সাহেবজাদা ফারহানের নেতৃত্বাধীন পাকিস্তান দলে বাবর আজম বা শাহিন আফ্রিদির মতো বড় তারকারা খেলছেন না।
টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচগুলি ১ অক্টোবর খেলা হবে। পাশাপাশি সোনা এবং ব্রোঞ্জ পদকের ফয়সালা হবে আগামী ৩ অক্টোবর, শনিবার। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, ভারত ও পাকিস্তান শুধুমাত্র ফাইনাল বা ব্রোঞ্জ পদকের ম্যাচেই একে অপরের মুখোমুখি হতে পারবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।