
Sachin Tendulkar Retirement: নিজের পরিকল্পনা অনুযায়ী নয়, বরং তাঁকে নিয়ে বিসিসিআই-এর (BCCI) পরিকল্পনার কথা জানতে পেরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন সচিন তেন্ডুলকর! প্রায় দেড় দশক পর সচিনের অবসরের বিষয়ে গোপন তথ্য প্রকাশ্যে আনলেন তৎকালীন প্রধান নির্বাচক সন্দীপ পাতিল (Sandeep Patil)। তিনি জানিয়েছেন, ‘২০১২ সালে নাগপুর টেস্টের (Nagpur Test) শেষ দিনের কথা আমার মনে আছে। আমরা ইংল্যান্ডের কাছে (India vs England) হেরে যাই। আমি ও সতীর্থ নির্বাচক রাজেন্দ্র সিং হংস (Rajendra Singh Hans) সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করার জন্য দুর্নীতি দমন শাখার অনুমতি চাইতে যাই। আমরা ম্যানেজারের অনুমতি পেয়ে যাই এবং সচিনের সঙ্গে দেখা করি। আমি ওকে জিজ্ঞাসা করি, তোমার পরিকল্পনা কী? আমার কথা শুনে ও অবাক হয়ে যায়। অবাক হওয়ারই কথা। ও জিজ্ঞাসা করে, কেন? আমি তখন বলি, দল নির্বাচন কমিটি মনে করছে, তোমার বিকল্পের সন্ধান করা দরকার। সে কথা শুনে ও হতবাক হয়ে যায়।'
পাতিল আরও জানিয়েছেন, তাঁর সঙ্গে আলোচনা হওয়ার কয়েকদিন পরেই অবসরের কথা ঘোষণা করেন সচিন। প্রাক্তন প্রধান নির্বাচকের কথা অনুযায়ী, 'আমার সঙ্গে আলোচনা হওয়ার পর ও আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি যা বললে সে বিষয়ে কি সত্যিই পরিকল্পনা করছো? আমি বলি, হ্যাঁ। পরে ও যখন অবসরের সিদ্ধান্ত নেয়, তখনও আমাকে ফোন করে বলে, স্যান্ডি, আমি অবসর ঘোষণা করছি। আমি দুঃখিত যে আমাদের এরকম কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু সচিনের পরিবর্তে কে খেলার সুযোগ পায় সেটা দেখুন। দলে আসে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)।’
পাতিল আরও বলেছেন, আন্তর্জাতিক কেরিয়ারের শেষ কয়েক বছর খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি সচিন। এই কারণেই তাঁর পরিবর্ত খেলোয়াড়ের সন্ধান শুরু করেন নির্বাচকরা। সচিনের বিকল্প হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান রাহানে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।