
Bengal in Ranji Trophy Semi Final: রঞ্জি ট্রফিতে বাংলার জয়রথ অব্যাহত থাকল। অন্ধ্র প্রদেশকে সরাসরি হারিয়ে সেমিফাইনালে উঠে গেলেন অভিমন্যু ঈশ্বরণ-রা। সুদীপ ঘরামির অবিশ্বাস্য ২৯৯ রানের ইনিংসে পরিষ্কার হয়েছিল দু'মরসুম পর ফের রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলবে বাংলা। তবে সরাসরি জয় আসবে কি না, বা কতক্ষণে আসবে সেটার আগ্রহ নিয়ে কল্যাণীতে কোয়ার্টার ফাইনাল ম্য়াচের শেষদিন মঙ্গলবার নেমেছিল বঙ্গ বিগ্রেড। শেষ অবধি অন্ধ্র প্রদেশকে ইনিংস ও ৯০ রানে হারিয়ে সেমিফাইনালে উঠল অভিমন্যু ঈশ্বরণের দল। দ্বিতীয় ইনিংসে শাহবাজ আহমেদের ৭২ রানে ৪ উইকেটের সৌজন্যে নীতীশ কুমার রেড্ডির অন্ধ্র প্রদেশ ২৪৪ রানে গুটিয়ে গেল। কাজে এল না অধিনায়ক নীতীশের (৯০) দুরন্ত লড়াই। বাংলাকে সেমিফাইনালে তোলার নায়ক ৯৩০ মিনিট ব্যাটিং করে ৫৯৬ বলে ২৯৯ করা সুদীপ ঘরামি।
শেষ আটের এই ম্যাচে প্রথমে ব্য়াট করতে নেমে প্রথম ইনিংসে অন্ধ্র করেছিল ২৯৫, জবাবে সুদীপ ঘরামির অবিশ্বাস্য ২৯৯ রানের ইনিংসের সৌজন্যে বাংলা করেছিল ৬২৯ রান। এরপর গতকাল, সোমবার দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অন্ধ্রের স্কোর ছিল ৩ উইকেটে ৬৪ রান। এদিন নীতীশ রেড্ডিদের বাকি ৭টি উইকেট পড়ল ১৮০ রানে। অধিনায়ক নীতীশ (৯০) দারুণ লড়লেও পাহাড় প্রমাণ রানে সামনে সেটা যথেষ্ট ছিল না। কল্যাণীতে এই কোয়ার্টার ফাইনাল ম্য়াচের প্রথম ইনিংসে মুকেশ কুমার ৬৬ রানে ৫টি ও আকাশদীপ ৭৯ রানে ৪টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে শাহবাজ ৭২ রানে ৪টি ও সূরয সিন্ধু জয়সওয়াল ৪২ রানে ২টি উইকেট নেন। ফাইনালে ওঠার লড়াই বাংলার সামনে এবার পরশ ডোগরা, আকিব নাকিবদের জম্মু-কাশ্মীর। অন্য সেমিতে মুখোমুখি কর্ণাটক ও উত্তরাখণ্ড।
দেখুন সুদীপের ২৯৯ রানের ইতিহাস গড়া ইনিংসের ঝলক
চলতি রঞ্জি ট্রফিতে সেমিফাইনালে ওঠার পথে বাংলা গ্রুপের ম্যাচে হারায় উত্তরাখণ্ড, গুজরাট, রেলওয়েজ, সার্ভিসেস, হরিয়ানাকে। অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকলেও সরাসরি জয় আসেন। ত্রিপুরার বিরুদ্ধে গ্রুপের ম্যাচ ড্র হলেও, প্রথম ইনিংসে পিছিয়ে ছিল বাংলা। গ্রুপ সি থেকে ৭ ম্যাচের ৫টি-তে জিতে ৩৬ পয়েন্ট পেয়েই শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলা। এরপর শেষ আটে অন্ধ্রের বিরুদ্ধে ইনিংসে দুরন্ত জয়। সব মিলিয়ে সেমিফাইনালের আগে টগবগে মেজাজে অভিমন্যু ঈশ্বরণের দল।
শেষবার বাংলা রঞ্জির সেমিফাইনালে খেলেছিল ২০২২-২৩ মরসুমে। সেবার সেমিতে মধ্যপ্রদেশকে হারিয়েছিলেন মনোজ তিওয়ারিরা। তবে ইডেনে ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হেরে কাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলার। এরপর ২০২৩-২৪, ২০২৪-২৫ মরসুমে রঞ্জিতে ব্যর্থ হয় বাংলা।