
Aquib Nabi: রঞ্জি ট্রফি কি নতুন তারকা জন্ম দিল? নিজের প্রথম রঞ্জি ট্রফির ফাইনালেই দুরন্ত বোলিং করলেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবী (auqib nabi wickets in ranji trophy)। কর্নাটকের বিরুদ্ধে একাই তুলে নিলেন পাঁচ উইকেট। গোটা মরশুম জুড়েই দুরন্ত ফর্মে ছিলেন আকিব (Aquib Nabi Ranji Trophy)।
তাঁর এই পারফরম্যান্স দেখেই মুগ্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে আকিবকে নেওয়ার জন্য নির্বাচকদের কাছে দাবি জানিয়েছেন তিনি। প্রথম ইনিংসে জম্মু-কাশ্মীর পাহাড়প্রমাণ ৫৮৪ রান তোলে। জবাবে কর্নাটককে মাত্র ২৯৩ রানে গুটিয়ে দেওয়ার পিছনে নবীর অবদানই ছিল সবচেয়ে বেশি।
তার ফলে, জম্মু-কাশ্মীর প্রথম ইনিংসে ২৯১ রানের বিশাল লিড পায়। নবীর পারফরম্যান্সের প্রশংসা করে সৌরভ এক্ল হ্যান্ডেলে লেখেন, ''জম্মু-কাশ্মীর তাদের চেষ্টা আর দৃঢ় সংকল্প দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। কঠিন পরিস্থিতিই শক্তিশালী মানুষ তৈরি করে। এবার আকিব নবীর ভারতীয় জার্সি পরার সময় এসেছে। আসন্ন ইংল্যান্ড সফরই ওর অভিষেকের জন্য সেরা সময় হতে পারে।'' এই পোস্টে তিনি প্রধান নির্বাচক অজিত আগরকার এবং বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়াকে ট্যাগও করেন সৌরভ।
অন্যদিকে, প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক আবার লিখেছেন, “এই রঞ্জি ট্রফি অভিযানটি দেখে আমি নিশ্চিতভাবে একটি কথা বলতে পারি যে, দেশের প্রতিনিধিত্ব করতে চাইছে এমন সমস্ত তরুণ ছেলেমেয়েদের জন্য আকিব নবী একটি উদাহরণ। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার এবং প্রায় একাই ঘরোয়া টুর্নামেন্ট জেতা, যা জাতীয় দলে প্রবেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফিটনেস, দীর্ঘ স্পেল, বিভিন্ন পিচে বোলিং, আবহাওয়া, এবং কোনও পেসারের জন্য কোনও সাহায্য থাকুক বা না থাকুক, তিনি তাঁর দলের জন্য সর্বদাই বিশ্বাসের সঙ্গে আছেন। আকিব তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি একজন চ্যাম্পিয়ন এবং আশা করি, তুমি আগামীদিনে অনেক সাফল্য পাবে।"
চলতি মরশুমে আকিব নবী মোট ৬০টি উইকেট নিয়েছেন। এর ফলে, তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন। রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় পেসার হিসেবে একটি মরশুমে ৬০টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি।
ফাইনালে নবী ২৩ ওভার বল করে মাত্র ৫৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। যার মধ্যে ৭টি মেডেন ওভার ছিল। কর্নাটকের শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে কার্যত, একাই ধসিয়ে দেন তিনি। কেএল রাহুল, করুণ নায়ার এবং স্মরণ রবিচন্দ্রনের মতো গুরুত্বপূর্ণ উইকেট দ্রুত তুলে নিয়ে তিনি কর্নাটককে একসময় ৫৭ রানে ৪ উইকেটের মতো শোচনীয় অবস্থায় ফেলে দেন। পরে শিখর শেট্টিকে আউট করে পাঁচ উইকেটের মাইলফলকটি পূর্ণ করেন। উল্লেখ্য, ২০২৬ সালের আইপিএল মরশুমের জন্য দিল্লি ক্যাপিটালস এই ডানহাতি পেসারকে ৮.৪ কোটি টাকায় কিনেছে। ক্রিকেট বিশেষজ্ঞরা আশা করছেন, খুব শীঘ্রই তিনি ভারতীয় দলে সুযোগ পাবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।